নিজস্ব সংবাদদাতা, দিনহাটা: ভুয়ো তফশিলি জাতি (এসসি) শংসাপত্র ইস্যুর অভিযোগ ঘিরে ফের রাজনৈতিক তরজা শুরু হল দিনহাটায়। সোমবার দিনহাটা মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দিয়ে একাধিক এসসি শংসাপত্রের সত্যতা যাচাই এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাল বিজেপির তপশিলি মোর্চা। অভিযোগের তির শুকারুরকুঠি গ্রাম পঞ্চায়েতের প্রধান ভারতী সেনের দিকেও। যদিও এই অভিযোগ নিয়ে তৃণমূল কংগ্রেস বা অভিযুক্ত প্রধানের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সোমবার বিজেপির তপশিলি মোর্চার জেলা সভাপতি রাজকুমার কার্জীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল দিনহাটার মহকুমা শাসক ভরত সিংয়ের হাতে স্মারকলিপি তুলে দেয়। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন দিনহাটা বিধানসভার বিজেপি কনভেনর বিদ্যুৎ কমল সরকার-সহ দলের অন্যান্য নেতা-কর্মীরাও।
বিজেপির অভিযোগ, দিনহাটা মহকুমার বিভিন্ন এলাকায় একাধিক ভুয়ো এসসি শংসাপত্র ইস্যু হয়েছে। পাশাপাশি শুকারুরকুঠি গ্রাম পঞ্চায়েতের প্রধান ভারতী সেনও নাকি ভুয়ো এসসি শংসাপত্র ব্যবহার করেছেন। এই অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত করে সংশ্লিষ্ট সব শংসাপত্রের সরকারি যাচাইয়ের দাবি জানিয়েছে দল। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ারও আবেদন করা হয়েছে।
বিজেপি নেতৃত্বের দাবি, সংরক্ষিত পদ ও সরকারি সুযোগ-সুবিধা প্রকৃত প্রাপকদের হাতে পৌঁছনো নিশ্চিত করতে হলে ভুয়ো শংসাপত্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ জরুরি। প্রশাসন নিরপেক্ষভাবে তদন্ত করলে প্রকৃত তথ্য সামনে আসবে বলেও তাঁদের দাবি।
অন্যদিকে, এই অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি। অভিযুক্ত গ্রাম পঞ্চায়েত প্রধান ভারতী সেনের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
অভিযোগের ভিত্তিতে প্রশাসন কী পদক্ষেপ করে এবং শংসাপত্রগুলির সরকারি যাচাইয়ে কী তথ্য উঠে আসে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহল ও স্থানীয় বাসিন্দাদের।





