খবরিয়া ২৪ ডেস্ক, ১৮ ফেব্রুয়ারিঃ বাঁকুড়া জেলার ইন্দাস বিধানসভা কেন্দ্রের কুশমুড়ি উচ্চ বিদ্যালয়ে এক চাঞ্চল্যকর ঘটনাকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, এলাকার এক বিজেপি বিধায়ক ক্লাস চলাকালীন আচমকাই স্কুলে প্রবেশ করে সরাসরি একটি শ্রেণিকক্ষে ঢুকে পড়েন এবং সেখানে উপস্থিত শিক্ষককে আঙুল তুলে তিরস্কার ও হুমকি দেন। ঘটনায় স্কুল চত্বরে আতঙ্কের পরিবেশ তৈরি হয়, ছাত্রছাত্রীদের মধ্যেও চাঞ্চল্য ছড়ায়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, ক্লাস চলাকালীনই বিধায়ক শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষকের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। তিনি নাকি দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগ তুলে কড়া ভাষায় সতর্ক করেন। পুরো ঘটনাটি ছাত্রছাত্রীদের সামনেই ঘটে বলে অভিযোগ। এর ফলে পড়ুয়াদের মনে ভয় ও অস্বস্তি তৈরি হয়েছে বলে জানিয়েছেন অভিভাবকদের একাংশ।
ঘটনার জেরে শিক্ষক মহলে তীব্র ক্ষোভ ছড়িয়েছে। তাঁদের বক্তব্য, শিক্ষা প্রতিষ্ঠান এমন একটি জায়গা যেখানে রাজনীতির প্রভাব থাকা উচিত নয়। ক্লাস চলাকালীন কোনও জনপ্রতিনিধির এভাবে শ্রেণিকক্ষে প্রবেশ করে শিক্ষকের সঙ্গে বচসায় জড়ানো অনভিপ্রেত। এতে ছাত্রছাত্রীদের মানসিক উপর প্রভাব পড়তে পারে বলেও মত শিক্ষকদের।
অন্যদিকে, বিজেপি নেতৃত্বের তরফে দাবি করা হয়েছে, বিধায়ক স্থানীয় মানুষের অভিযোগের ভিত্তিতেই স্কুলে গিয়েছিলেন। তবে বিরোধী রাজনৈতিক দলগুলি এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র সমালোচনায় সরব হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনীতির বাইরে রাখার দাবিতে বিভিন্ন শিক্ষক সংগঠনও প্রতিবাদ জানাতে শুরু করেছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। প্রশাসনের তরফে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতি দেওয়া হয়নি। তবে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে শৃঙ্খলা ও নিরপেক্ষ পরিবেশ বজায় রাখা নিয়েই এখন প্রশ্ন উঠতে শুরু করেছে।





