শীতলকুচি, ২৪ মে: রবিবার শীতলকুচি ব্লকের ডাকঘরা বাজার সংলগ্ন এলাকায় অবৈধ মদের কারবারের বিরুদ্ধে বড়সড় অভিযান চালাল বিজেপির মহিলা মোর্চা। দীর্ঘদিন ধরে এলাকায় বেআইনি মদের ব্যবসা চলায় সামাজিক পরিবেশ নষ্ট হচ্ছিল বলে অভিযোগ ওঠে। এর প্রতিবাদে এদিন রাস্তায় নামেন মহিলা মোর্চার কর্মী ও স্থানীয় মহিলারা।
অভিযানে নেতৃত্ব দেন বিজেপির মহিলা মোর্চার কোচবিহার জেলা সাধারণ সম্পাদিকা বিউটি বর্মন এবং ৪ নম্বর মণ্ডল সভানেত্রী কল্পনা সরকার। ডাকঘরা বাজারের একাধিক অবৈধ মদের দোকান ও ঠেকে অভিযান চালিয়ে মজুত রাখা মদ নষ্ট করে দেওয়া হয়। পাশাপাশি ব্যবসায়ীদের কড়া হুঁশিয়ারিও দেওয়া হয়।
বিউটি বর্মন জানান, এলাকায় কোনওভাবেই অসামাজিক ও অবৈধ কাজ বরদাস্ত করা হবে না। অভিযোগ পাওয়া গেলে ভবিষ্যতেও এই ধরনের অভিযান চলবে এবং প্রয়োজনে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। বিজেপি মহিলা মোর্চার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।





