নন্দীগ্রাম, ৩ এপ্রিলঃ নন্দীগ্রামে এক বিজেপি নেতার বিরুদ্ধে দাদাগিরি ও মারধরের অভিযোগকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দা বিমান মাইতিকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-র ঘনিষ্ঠ নেতা অশোক করণ ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে।
অভিযোগ, বাড়ি তৈরির কাজ কেন তাঁকে না জানিয়ে শুরু করা হয়েছে, সেই কারণেই বিমান মাইতির উপর হামলা চালানো হয়। এমনকি ভবিষ্যতে কোনও কাজ করতে গেলেও আগে ওই নেতাকে জানাতে হবে বলেও হুমকি দেওয়া হয়েছে বলে দাবি। ঘটনার পর আপাতত বন্ধ রয়েছে নির্মাণকাজ।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, গোলকুলনগর এলাকায় এক ব্যক্তিকে ঘিরে ধরে মারধর করছেন কয়েকজন। যদিও ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। আক্রান্ত বিমান মাইতি জানান, “বাড়িতে কাজ চলছিল। হঠাৎ এসে কেন কাজ হচ্ছে জানতে চেয়ে মারধর শুরু করে। এখন কাজ বন্ধ করে দিয়েছি।”
এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, নির্বাচনের আগে সাধারণ মানুষকে ভয় দেখাতেই এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। তাঁদের দাবি, যাঁকে মারধর করা হয়েছে তিনিও বিজেপির সমর্থক।
অন্যদিকে বিজেপির পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। দলের দাবি, ভিডিওর সত্যতা নিয়ে সন্দেহ রয়েছে এবং রাজনৈতিকভাবে ইস্যু তৈরি করতে তৃণমূল মিথ্যাচার করছে। বিজেপির তরফে জানানো হয়েছে, অভিযোগ প্রমাণিত হলে দলীয়ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা তৈরি হলেও এখনও পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নির্বাচনের আগে এই ঘটনা নন্দীগ্রামের রাজনৈতিক আবহ আরও উত্তপ্ত করে তুলেছে।





