কোচবিহার, ১ মার্চঃ কোচবিহার বন বিভাগের কোচবিহার ২ রেঞ্জের সহযোগিতায় প্রাক-হোলি উপলক্ষে বনপ্রান্তীয় গ্রামগুলিতে আয়োজিত হল বন্যপ্রাণী শিকার বিরোধী সচেতনতা প্রচার কর্মসূচি। উৎসবের মরশুমে যাতে কোনওভাবে বন্যপ্রাণীর ক্ষতি না হয় এবং সকলের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করা যায়, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়।
এদিন বনকর্মী ও স্বেচ্ছাসেবীরা মাইকিং এবং লিফলেট বিতরণের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের কাছে পৌঁছন। প্রচারে জানানো হয়, অবৈধভাবে বন্যপ্রাণী শিকার আইনত দণ্ডনীয় অপরাধ। বিশেষভাবে নাগরিকদের স্মরণ করিয়ে দেওয়া হয় যে, বন্যপ্রাণী সুরক্ষা আইন, ১৯৭২ অনুযায়ী বন্যপ্রাণী শিকার একটি জামিন অযোগ্য অপরাধ এবং এর জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গের কিছু অঞ্চলে দোল পূর্ণিমা বা হোলি উপলক্ষে ‘শিকার উৎসব’ বা ‘সেন্দ্রা’-র মতো ঐতিহ্যগত আচার পালনের নজির রয়েছে। তবে বন দপ্তর জানিয়েছে, ঐতিহ্যের আড়ালে কোনওভাবেই বন্যপ্রাণী হত্যা বরদাস্ত করা হবে না। জীববৈচিত্র্য রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। বন দপ্তরের এই উদ্যোগে স্থানীয়দের মধ্যেও ইতিবাচক সাড়া মিলেছে বলে জানা গিয়েছে।





