দিনহাটা, ১৮ জুলাইঃ সাহেবগঞ্জ থানা পুলিশ ও বামনহাট উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে বামনহাট উচ্চ বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের নিয়ে একটি সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়। বর্তমান সমাজে বাল্যবিবাহ, ধর্ষণ, সাইবার অপরাধ-সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করে তোলাই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য।
শিবিরে উপস্থিত পুলিশ আধিকারিক ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা শিক্ষার্থীদের বিভিন্ন আইন, অপরাধের কুফল এবং নিরাপদ সামাজিক ও ডিজিটাল আচরণ সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করেন। পাশাপাশি, যেকোনও সমস্যায় নির্ভয়ে পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়।
শিবির শুরুর আগে বামনহাট বাজার এলাকায় ছাত্রছাত্রীরা সচেতনতামূলক প্ল্যাকার্ড হাতে একটি বর্ণাঢ্য র্যালি বের করে। র্যালির মাধ্যমে বাল্যবিবাহ, নারী নির্যাতন, সাইবার প্রতারণা ও সামাজিক অপরাধের বিরুদ্ধে জনসচেতনতার বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ভবিষ্যতেও শিক্ষার্থীদের সামাজিক দায়বদ্ধতা ও আইন সম্পর্কে সচেতন করে তুলতে এ ধরনের কর্মসূচির আয়োজন অব্যাহত থাকবে। অন্যদিকে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়, সমাজে অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিদ্যালয়ভিত্তিক এই ধরনের উদ্যোগ আগামী দিনেও চালিয়ে যাওয়া হবে।




