খবরিয়া ২৪ ডেস্ক, ২২ ডিসেম্বরঃ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সোমবার তৃণমূল কংগ্রেসের বুথ লেভেল এজেন্টদের (বিএলএ) উদ্দেশে বক্তৃতা দিতে গিয়ে মাইক বিভ্রাটে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বক্তৃতা চলাকালীন আচমকা তাঁর হাতে থাকা মাইক বন্ধ হয়ে গেলে তিনি রেগে যান। মমতাকে বলতে শোনা যায়, “মাইক কাজ করে না কেন? এটা আপনাদের দায়িত্ব। পুলিশ কী করছে? এটা অন্তর্ঘাত হচ্ছে না তো? প্রত্যেক দিন কেন এই সমস্যা হবে? এবার আমি অ্যাকশন নেব।”
এরপরই বিএলএ-দের জন্য একগুচ্ছ গুরুত্বপূর্ণ নির্দেশ দেন তৃণমূল সুপ্রিমো। মমতার বার্তা, সব বিএলএ-কে ফের একবার প্রতিটি ভোটারের বাড়িতে বাড়িতে যেতে হবে। যেসব ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে, তাঁদের ফর্ম ৬ পূরণ করে ইআরও-র কাছে জমা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে বিএলএ-দের। পাশাপাশি আনম্যাপড ভোটাররা শুনানির নোটিশ পেয়েছেন কি না এবং তাঁদের কাছে নির্ধারিত ১১টি নথির কোনও একটি আছে কি না, তা যাচাই করতে বলা হয়েছে।
যদি কোনও ভোটারের কাছে প্রয়োজনীয় নথি না থাকে, সেক্ষেত্রে স্থায়ী বাসস্থান, তফসিলি জাতি-উপজাতি ও ওবিসি শংসাপত্রের জন্য আবেদন করতে বিএলএ-দের সহায়তা করতে হবে। এজন্য হেল্প ডেস্ক চালুর নির্দেশও দেন মমতা। বয়স সংক্রান্ত অসামঞ্জস্যে যাতে ভোটাররা হয়রানির শিকার না হন, সেদিকেও নজর রাখতে বলা হয়েছে।
খসড়া ভোটার তালিকায় ‘বাইরের লোকের’ নাম ঢোকার অভিযোগ তুলে ভিন রাজ্য থেকে এসে নাম তোলার চেষ্টার বিরুদ্ধেও বিএলএ-দের সতর্ক থাকার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়।





