জলপাইগুড়ি, ২৩ মার্চঃ নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই রাজনৈতিক প্রচারে গতি বাড়াচ্ছে শাসক-বিরোধী সব দল। তারই মধ্যে বানারহাট ব্লকের শালবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় জোরকদমে প্রচারে নেমেছে তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা। এদিন ধূপগুড়ি বিধানসভার তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়-এর সমর্থনে বিভিন্ন বাজার ও গ্রামাঞ্চলে প্রচার চালাতে দেখা যায় কর্মীদের।
দেওয়াল লিখনের পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তারা। প্রচারের সময় কর্মীরা মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় গত পাঁচ বছরে হওয়া বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেন। বিশেষ করে রাস্তা নির্মাণ, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভান্ডারসহ একাধিক জনমুখী প্রকল্পের বিষয়েও মানুষকে অবগত করা হয়। একইসঙ্গে নির্মল চন্দ্র রায়কে ভোট দেওয়ার আবেদনও জানান তারা।
তৃণমূল সমর্থকদের দাবি, এইভাবে ঘরে ঘরে পৌঁছে যাওয়ার ফলে সাধারণ মানুষের কাছ থেকে ভালো সাড়া মিলছে। তাদের বিশ্বাস, গত উপ নির্বাচনে যেভাবে জয়ী হয়েছে নির্মল চন্দ্র রায় এবারও তার ব্যতিক্রম হবে না। পাশাপাশি তাদের বক্তব্য, ধারাবাহিক উন্নয়নমূলক কাজের ফলেই সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে শাসক দল, যা আসন্ন নির্বাচনে ইতিবাচক প্রভাব ফেলবে।





