কলকাতা, ২৩ জুনঃ ‘মেসিকাণ্ড’-এ আপাতত স্বস্তি বহাল থাকছে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের। কলকাতা হাই কোর্টের একক বেঞ্চ আগেই তাঁকে রক্ষাকবচ দিয়েছিল। মঙ্গলবার সেই রক্ষাকবচ বাতিলের দাবিতে দায়ের হওয়া মামলায় এখনই কোনও হস্তক্ষেপ করল না হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। ফলে আপাতত স্বস্তিতে অরূপ। পাশাপাশি রাজ্যের তরফে আদালতে জানানো হয়েছে, প্রাক্তন মন্ত্রী তদন্তে সবরকম সহযোগিতা করছেন এবং তদন্তকারী আধিকারিকের কাছে হাজিরাও দিচ্ছেন।
যুবভারতী-কাণ্ডে অন্যতম অভিযুক্ত শতদ্রু দত্ত একক বেঞ্চের দেওয়া রক্ষাকবচকে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চতর বেঞ্চের দ্বারস্থ হন। মঙ্গলবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলাটি ওঠে। শতদ্রুর আইনজীবীদের দাবি, অরূপ বিশ্বাসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও পুলিশ কার্যত নিষ্ক্রিয়। এফআইআর দায়ের হলেও তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি বলেই আদালতে দাবি করা হয়।
অন্যদিকে, অরূপের পক্ষে সওয়াল করেন আইনজীবী কিশোর দত্ত। তিনি প্রথমেই শতদ্রু দত্তর মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর বক্তব্য, আদালত একবার তদন্ত নিয়ে নির্দেশ দিলে অভিযোগকারীর আর নতুন করে হস্তক্ষেপের সুযোগ থাকে না। তাই এই মামলা খারিজ হওয়া উচিত। দু’পক্ষের বক্তব্য শোনার পর ডিভিশন বেঞ্চ জানতে চায়, অরূপ তদন্তে সহযোগিতা করছেন কি না এবং তিনি তদন্তকারী আধিকারিকের ডাকে সাড়া দিচ্ছেন কি না। জবাবে রাজ্যের আইনজীবী স্পষ্ট জানান, অরূপ বিশ্বাস তদন্তে সহযোগিতা করছেন।
এরপর মামলার শুনানি মুলতুবি রাখে আদালত। আগামী ২ জুলাই এই মামলার পরবর্তী শুনানি হবে। উল্লেখ্য, বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চের নির্দেশ অনুযায়ী আগামী ১৭ অগস্ট পর্যন্ত অরূপ বিশ্বাসের রক্ষাকবচ বহাল রয়েছে। ফলে অন্তত আপাতত প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপের সম্ভাবনা নেই বলেই মনে করছে আইন মহল। তবে যুবভারতী-কাণ্ডের তদন্ত কোন দিকে মোড় নেয়, সেদিকেই এখন নজর।





