কলকাতা, ৪ জুলাইঃ রাজ্যের শাসকদলের অভ্যন্তরীণ দ্বন্দ্বে এবার বিশ্ব ফুটবলের প্রসঙ্গ টানলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। ইএম বাইপাসে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় ঘিরে টানাপোড়েনের আবহে তাঁর দাবি, ‘‘আর্জেন্টিনার অবস্থাও তৃণমূলের মতো হয়ে যাচ্ছে।’’ শুক্রবার সকালে ইকো পার্কে প্রাতঃভ্রমণে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি শাসকদলের বর্তমান পরিস্থিতিকে কটাক্ষ করেন।
দিলীপ ঘোষ বলেন, ‘‘আর্জেন্টিনা বিশ্বখ্যাত দল। কিন্তু তাদের অবস্থাও এখন তৃণমূলের মতো। একসময় তৃণমূলের কথায় পাতা নড়ত। এখন দলের ভিতরেই দুই গোষ্ঠীর লড়াই, ঘর দখলের লড়াই চলছে।’’ তাঁর দাবি, বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মতো শক্তিশালী দলও সাম্প্রতিক ম্যাচে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে চাপে পড়েছে। সেই প্রসঙ্গ টেনেই তিনি তৃণমূলের সাংগঠনিক পরিস্থিতির সঙ্গে তুলনা করেন।
প্রসঙ্গত, শুক্রবার ইএম বাইপাসে তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কার্যালয়কে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে টানাপোড়েন প্রকাশ্যে আসে। অভিযোগ, এক পক্ষ কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়। পরে কুণাল ঘোষ, মদন মিত্র-সহ কালীঘাটপন্থী নেতারা সেখানে পৌঁছলেও তালাবদ্ধ অফিসে প্রবেশ করতে পারেননি। ঘটনাস্থলে বিপুল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হলেও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দলীয় কার্যালয়ের নিয়ন্ত্রণ ঘিরে এই অচলাবস্থাই রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা তৈরি করেছে।
এই ঘটনাকে সামনে রেখে দিলীপ ঘোষ বলেন, ‘‘বাড়ির মালিক কাকে অধিকার দেবেন, সেটা আলাদা বিষয়। কিন্তু নিজেরাই নিজেদের অফিসে তালা মারছে, এটা অন্যায়। প্রয়োজনে আইনি পদক্ষেপ হওয়া উচিত।’’ একইসঙ্গে তিনি দাবি করেন, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর বিজেপির বিভিন্ন দলীয় কার্যালয়ে তালা ঝোলানোর অভিযোগও তৃণমূলের বিরুদ্ধে উঠেছিল। তাঁর কথায়, ‘‘তখন অন্যের অফিসে তালা মারার অভ্যাস হয়েছিল, এখন নিজেদের অফিসেই সেই অভ্যাসের প্রয়োগ হচ্ছে।’’
দিলীপের এই মন্তব্যের জেরে তৃণমূল-বিজেপি রাজনৈতিক তরজা আরও তীব্র হওয়ার ইঙ্গিত মিলছে। যদিও এ বিষয়ে তৃণমূল নেতৃত্বের তরফে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।





