নিজস্ব সংবাদদাতা, কলকাতা: রাজ্য পুলিশের পরিকাঠামো ও জনবল বৃদ্ধিতে একগুচ্ছ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার বিধানসভায় স্বরাষ্ট্র দফতরের বাজেটের জবাবি ভাষণে তিনি জানান, পুলিশে দীর্ঘদিনের কর্মীসংকট কাটাতে মোট ২০ হাজার কনস্টেবল নিয়োগ করা হবে। পাশাপাশি, দুর্নীতির অভিযোগে অভিযুক্ত পুলিশকর্মীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে একটি বিশেষ কন্ট্রোল রুমও চালু করা হবে।
মুখ্যমন্ত্রীর দাবি, আগের তৃণমূল সরকারের আমলে পুলিশ প্রশাসনের উন্নয়নের বদলে একাধিক ক্ষেত্রে অব্যবস্থা তৈরি হয়েছে। তাঁর অভিযোগ, দীর্ঘদিন পুলিশে নিয়োগ বন্ধ থাকায় বর্তমানে প্রায় ৪৩ হাজার ৭৩টি পদ শূন্য রয়েছে। সেই ঘাটতি পূরণ করতেই ধাপে ধাপে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর বক্তব্য, পুজোর আগেই ১৬ হাজার কনস্টেবল কাজে যোগ দেবেন। সব মিলিয়ে ২০ হাজার নতুন নিয়োগ সম্পন্ন করা হবে।
বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, “পুলিশকে পেশাদার ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। আগের সরকার নিয়মিত নিয়োগ করেনি। তার পরিবর্তে প্রশিক্ষণ ও নির্দিষ্ট যোগ্যতা ছাড়াই সিভিক ভলান্টিয়ার নিয়োগ করা হয়েছিল। পুলিশ বাহিনীকে রাজনৈতিক কাজে ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।”
পুলিশের পরিকাঠামোর দুরবস্থার কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, বহু থানায় এখনও পর্যাপ্ত ব্যারাক, রান্নাঘর, আধুনিক সুযোগ-সুবিধা এবং সুষ্ঠু বদলি নীতির অভাব রয়েছে। পাশাপাশি বেতন কাঠামো ও অন্যান্য পরিষেবাতেও দীর্ঘদিন সংস্কার করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।
এ দিন পুলিশ প্রশাসনে স্বচ্ছতা বাড়ানোর ওপরও জোর দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ঘুষ বা দুর্নীতির অভিযোগ সরাসরি জানাতে একটি বিশেষ কন্ট্রোল রুম চালু করা হবে। সেখানে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সরকারের দাবি, জনবল বৃদ্ধি, আধুনিক পরিকাঠামো এবং জবাবদিহি নিশ্চিত করার মাধ্যমে রাজ্য পুলিশকে আরও দক্ষ ও জনমুখী করে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।





