কলকাতা, ২৭ মেঃ তৃণমূল কংগ্রেসে ফের বড় ধাক্কা। দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়ে দলের সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। মঙ্গলবার এই সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে ইস্তফাপত্র পাঠিয়েছেন বলে দলীয় সূত্রে খবর।
রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে এই ঘটনাকে।
কারণ, এদিনই কল্যাণীতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন কাকলি ঘোষ দস্তিদার। সেই বৈঠকে যোগ দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই দলের বিরুদ্ধে প্রকাশ্যে সরব হয়ে ইস্তফার ঘোষণা করেন তিনি।
সূত্রের খবর, দলের অভ্যন্তরীণ একাধিক ইস্যু নিয়ে দীর্ঘদিন ধরেই অসন্তোষে ভুগছিলেন কাকলি। শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ও সাংগঠনিক কার্যকলাপ নিয়ে তাঁর আপত্তি ছিল বলেও জানা গিয়েছে। যদিও ইস্তফাপত্রে ঠিক কোন কোন বিষয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন, তা এখনও প্রকাশ্যে আসেনি।
কাকলি ঘোষ দস্তিদারের এই পদত্যাগে রাজ্য রাজনীতিতে নতুন জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, আগামী দিনে তাঁর রাজনৈতিক অবস্থান কোন দিকে যায়, সেদিকেই এখন নজর থাকবে।




