খবরিয়া ২৪ ডেস্ক, ১৮ জানুয়ারিঃ একই রাতে পরপর তিনটি দোকানে চুরির নামে তাণ্ডব চালাল দুষ্কৃতীরা। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত ফুলবাড়ী ২ নম্বর অঞ্চলের পুটিমারী ক্যানেল মোড় এলাকায়। শনিবার গভীর রাতে এই ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে খবর, দুষ্কৃতীরা প্রথমে একটি চায়ের দোকানের সাটার ভেঙে ভেতরে ঢোকে। এরপর দোকানের ভেতরে থাকা বিভিন্ন জিনিসপত্র নির্বিচারে ভাঙচুর করে পালিয়ে যায় তারা। দোকানে থাকা খাবারের সামগ্রী নষ্ট করে দেওয়া হয়। ফ্রিজ, মিকচার মেশিন-সহ একাধিক মূল্যবান সরঞ্জাম ভেঙে ফেলা হয়েছে বলে অভিযোগ। আশ্চর্যের বিষয়, দোকান থেকে কোনও নগদ টাকা বা মূল্যবান সামগ্রী চুরি না হলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
একই কায়দায় কাছাকাছি আরও দুটি দোকানেও হামলা চালানো হয় বলে স্থানীয়দের দাবি। সকালে দোকান খুলতে এসে চোখের সামনে নিজের দোকানের সমস্ত জিনিস তছনছ হয়ে থাকতে দেখে মাথায় হাত পড়েছে গরিব ও অসহায় চা-দোকান মালিকের। তাঁর কথায়, “চুরি না হলেও সব ভেঙে দিয়েছে। কীভাবে আবার দোকান চালাব বুঝতে পারছি না।”
ঘটনার খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং গোটা ঘটনার তদন্ত শুরু করে। আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। দুষ্কৃতীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে পুলিশ।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় বাসিন্দারা রাতের টহল জোরদার করা ও দোষীদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন।





