কলকাতা, ২৫ আগস্টঃ রাজ্যের সামাজিক সুরক্ষা প্রকল্পে ফের ভাতা বৃদ্ধির ঘোষণা। প্রবীণ নাগরিকদের বার্ধক্যভাতা, বিধবাদের ভাতা এবং বিশেষ ভাবে সক্ষমদের ভাতা আরও ৫০০ টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নিল বিজেপি সরকার। ফলে যোগ্য উপভোক্তারা মাসে ২০০০ টাকা করে পাবেন। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
তবে ঘোষণা হলেও এখনই বর্ধিত ২০০০ টাকা হাতে পাবেন না উপভোক্তারা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগে সমস্ত তথ্য যাচাই করা হবে। প্রশাসনিক ভাবে আবেদনগুলি খতিয়ে দেখে যাঁরা যোগ্য, তাঁদেরই নতুন হারে ভাতা দেওয়া হবে।
এখানেই রয়েছে আরও একটি বড় পরিবর্তন। আগের সরকারের আমলে এই তিন ধরনের ভাতার জন্য জমা পড়া সমস্ত আবেদন বাতিল করা হবে। অর্থাৎ আগে আবেদন করে থাকলেও পুরনো আবেদনের ভিত্তিতে আর সুবিধা মিলবে না। নতুন নিয়মে ফের আবেদন করতে হবে উপভোক্তাদের।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, নতুন করে আবেদন জমা পড়ার পর উপভোক্তাদের তথ্য যাচাই করা হবে। তাঁরা প্রকল্পের শর্ত পূরণ করছেন কি না, তা নিশ্চিত হওয়ার পরই ভাতা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। বর্ধিত ৫০০ টাকা-সহ মাসিক ২০০০ টাকা পাওয়ার ক্ষেত্রে এই যাচাই প্রক্রিয়াই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, রাজ্যে ক্ষমতায় আসার পরই সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির ভাতা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি সরকার। সেই মতো বার্ধক্য, বিধবা এবং বিশেষ ভাবে সক্ষমদের মাসিক ভাতা ১০০০ টাকা থেকে বাড়িয়ে ১৫০০ টাকা করা হয়। আগস্ট থেকে নতুন হারে ভাতা পাওয়ার কথা।
তার মধ্যেই ফের ৫০০ টাকা বৃদ্ধির ঘোষণা। ফলে সব ঠিক থাকলে মাসে ২০০০ টাকা করে পাবেন যোগ্য উপভোক্তারা। সরকারের এই সিদ্ধান্তে স্বাভাবিক ভাবেই খুশি হওয়ার কথা প্রবীণ, বিধবা এবং বিশেষ ভাবে সক্ষম নাগরিকদের। তবে পুরনো আবেদন বাতিল করে নতুন করে আবেদন করার নির্দেশ ঘিরে প্রশাসনিক মহলেও তৈরি হয়েছে নতুন ব্যস্ততা।





