কলকাতা, ২৬ সেপ্টেম্বরঃ ব্যক্তিগত সম্পর্কের টানাপড়েন থেকে আচমকাই রাজনৈতিক বিতর্ক। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক নীলাম মীনার ছেলে বলে নিজেকে দাবি করা অনীশ রায়ের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে বিতর্ক ছড়িয়েছে। তাঁর অভিযোগ, বান্ধবীর সঙ্গে যোগাযোগ রাখার কারণে তাঁর পরিবারকে হুমকি দেওয়া হয়েছে। সেই ঘটনায় রাজ্যের মন্ত্রী উমেশ রায়ের নামও জড়িয়েছেন তিনি। যদিও অভিযোগ অস্বীকার করে পাল্টা পুলিশে অভিযোগ দায়ের করেছেন মন্ত্রী। অনীশ আদৌ নীলাম মীনার ছেলে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
অনীশের দাবি, পড়াশোনার সূত্রেই তাঁর এক তরুণীর সঙ্গে বন্ধুত্ব। দু’জন কখনও তাঁর বাড়িতে, কখনও বান্ধবীর বাড়িতে বসে পড়াশোনা করতেন। কিন্তু এই সম্পর্ক নিয়ে তাঁর আইএএস মা আপত্তি জানান বলে অভিযোগ। এরপরই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে বলে ভিডিওতে দাবি অনীশের।
তাঁর অভিযোগ, বান্ধবীর সঙ্গে যোগাযোগ বন্ধ করতে তাঁকে চাপ দেওয়া হয়। এমনকি মন্ত্রী উমেশ রায়ের মাধ্যমে ওই তরুণীর বাড়িতে লোক পাঠিয়ে পরিবারকে হুমকি দেওয়ারও অভিযোগ তোলেন তিনি। প্রশাসনিক ও রাজনৈতিক প্রভাব ব্যবহারের অভিযোগও তাঁর বক্তব্যে উঠে এসেছে। তবে সোশ্যাল মিডিয়ায় করা এই অভিযোগগুলির স্বাধীন সত্যতা এখনও প্রতিষ্ঠিত হয়নি।
অনীশের ভিডিও সামনে আসতেই পাল্টা সরব হন উমেশ রাই। মন্ত্রীর বক্তব্য, তিনি নীলাম মীনাকে ঠিক ভাবে চেনেনও না। ফলে তাঁর বিরুদ্ধে এই ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন তিনি। একই সঙ্গে ওই যুবক আদৌ নির্বাচন কমিশনের আধিকারিকের ছেলে কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন মন্ত্রী।
অভিযোগের জবাবে হাওড়ার পুলিশ কমিশনার এবং হাওড়া সিটি পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছেন উমেশ রাই। তাঁর দাবি, সোশ্যাল মিডিয়ায় এ ধরনের অভিযোগের পিছনে কী উদ্দেশ্য রয়েছে, তা তদন্ত করে দেখা প্রয়োজন। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন তিনি।
ফলে আপাতত একই ঘটনার দুই বিপরীত বয়ান সামনে। এক দিকে অনীশের বিস্ফোরক অভিযোগ, অন্য দিকে মন্ত্রীর পাল্টা অভিযোগ ও অস্বীকার। এর সঙ্গে যুক্ত হয়েছে আরও একটি প্রশ্ন সোশ্যাল মিডিয়ায় নিজেকে নীলাম মীনার ছেলে বলে পরিচয় দেওয়া ওই যুবকের দাবির সত্যতা কতটা? তদন্তেই এখন তার উত্তর খুঁজছে পুলিশ।





