খবরিয়া ২৪ ডেস্ক, ৭ জানুয়ারিঃ বাংলায় কথা বলার জেরে ভিন রাজ্যে অপমান ও হয়রানির শিকার হওয়ার অভিযোগ ঘিরে রাজনৈতিক উত্তাপ ছড়াল দক্ষিণ দিনাজপুরের তপনে। মহারাষ্ট্রে কাজ করতে গিয়ে হেনস্থার শিকার হন তপনের বাসিন্দা অসিত সরকার ও তাঁর সঙ্গীরা। বুধবার তাঁদের বাড়িতে গিয়ে দেখা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ঘটনাকে কেন্দ্র করে সরাসরি বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন তিনি।
অসিত সরকারের বাড়িতে এ দিন উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপি বুথ সভাপতি গৌতম বর্মণও। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনেই তিনি অভিযোগ করেন, বিপদের সময় দল তাঁদের পাশে দাঁড়ায়নি। গৌতম বর্মণের দাবি, “মহারাষ্ট্রে আটক হওয়ার পর আমরা বারবার ফোন করেছিলাম। কিন্তু বিজেপির কেউ ফোন ধরেননি। সাংসদ সুকান্ত মজুমদারও কোনও সাহায্য করেননি।”
অসিত সরকার ও তাঁর সঙ্গীদের অভিযোগ, মহারাষ্ট্রে তাঁদের অবৈধভাবে আটক করা হয় এবং মুক্তির শর্ত হিসেবে প্রত্যেকের কাছ থেকে ১.৫ লক্ষ টাকা করে দাবি করা হয়। সেই সময় স্থানীয় বিজেপি নেতৃত্ব ও সাংসদের কাছে সাহায্য চেয়েও কোনও লাভ হয়নি বলে দাবি করেন তাঁরা।
এই অভিযোগ শুনে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “বাংলাদেশি তকমা দিয়ে ওদের মহারাষ্ট্রের জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। পরিবার সুকান্ত মজুমদারের কাছে গিয়েছিল। কিন্তু মহারাষ্ট্রে বিজেপির সরকার থাকা সত্ত্বেও তিনি কিছুই করেননি। আমরা খবর পেয়ে কাঠখড় পুড়িয়ে ওদের ছাড়িয়ে এনেছি।” তিনি আরও বলেন, “রাজনীতি মানে মানুষের পাশে দাঁড়ানো। যাঁরা আপনাকে জিতিয়েছে, তাঁদের প্রতি কি কোনও দায়িত্ব নেই?” পাশাপাশি সুকান্ত মজুমদারকে কটাক্ষ করে ‘ফ্যাশন শোয়ের মাস্টার’ ও ‘স্টপেজ মিনিস্টার’ বলেও আক্রমণ শানান।
এর পাল্টা প্রতিক্রিয়ায় সুকান্ত মজুমদার বলেন, “তৃণমূলের আমলে বালুরঘাটে কী কাজ হয়েছে আর আমার আমলে কী হয়েছে, তা মানুষ জানে। ভোটবাক্সেই তার জবাব দেবে।”
এদিন অভিষেক বীরভূমের সোনালি খাতুনের প্রসঙ্গ টেনে বলেন, বাংলায় কথা বলার ‘অপরাধে’ একজন অন্তঃসত্ত্বা মহিলার উপর যে অত্যাচার হয়েছে, তা ভাষায় প্রকাশ করা যায় না। পাশাপাশি তিনি রাজ্যের পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্যে কাজ করতে না যাওয়ার পরামর্শ দিয়ে আশ্বাস দেন, “এখানেই কাজের ব্যবস্থা করা হবে। রাজ্য ছেড়ে গিয়ে এমন পরিস্থিতির মুখে পড়তে হবে, তা মেনে নেওয়া যায় না।”
বাংলায় কথা বলায় হেনস্থার অভিযোগ, পরিযায়ী শ্রমিকদের বাড়িতে গিয়ে বিজেপিকে তোপ অভিষেকের
Published on: January 7, 2026
---Advertisement---





