উত্তর ২৪ পরগনা, ২ মেঃ স্ট্রংরুমের নিরাপত্তা নিয়ে বিতর্কের মাঝেই উত্তর ২৪ পরগনার বারাসতে নতুন করে চাঞ্চল্য ছড়াল। বারাসত গভর্নমেন্ট কলেজ-এ থাকা স্ট্রংরুমের সিসিটিভি দীর্ঘক্ষণ বন্ধ থাকার অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকাল থেকেই এলাকায় উত্তেজনা ছড়ায়।
অভিযোগ উঠেছে, শুক্রবার সকাল ৮টা ৫ মিনিট থেকে ৮টা ২২ মিনিট পর্যন্ত সিসিটিভির মনিটর বন্ধ ছিল। এই খবর সামনে আসতেই ঘটনাস্থলে ছুটে যান অশোকনগরের তৃণমূল প্রার্থী নারায়ণ গোস্বামী। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত।
উল্লেখ্য, এই স্ট্রংরুমেই বারাসত, হাবড়া, অশোকনগর ও দেগঙ্গা এই চারটি বিধানসভার ইভিএম রাখা রয়েছে। একই জায়গায় গণনাকেন্দ্রও হওয়ায় নিরাপত্তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে।
নারায়ণ গোস্বামীর অভিযোগ, “যদি কেউ ইচ্ছাকৃতভাবে মনিটর বন্ধ করে দেয়, তাহলে তা অত্যন্ত গুরুতর বিষয়। নির্বাচন কমিশনের উচিত দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া।” তৃণমূলের দাবি, ওই সময়ের সিসিটিভি ফুটেজ প্রকাশ করতে হবে এবং কে মনিটর বন্ধ করেছে তা চিহ্নিত করতে হবে।
অন্যদিকে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, স্ট্রংরুমের ভিতরের সিসিটিভি কার্যকর ছিল, শুধুমাত্র মনিটর বন্ধ হয়ে গিয়েছিল। তবে এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয় তৃণমূল। তাদের দাবি, পুরো বিষয়টির স্বচ্ছ তদন্ত প্রয়োজন।
এদিকে বিজেপির তরফেও অভিযোগ উঠেছে যে তাদের প্রতিনিধিদের স্ট্রংরুমে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। ফলে দুই পক্ষের অভিযোগ-প্রতিঅভিযোগে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নির্বাচন কমিশনের আধিকারিকরাও পরিস্থিতির ওপর নজর রাখছেন। ভোটগণনার আগে এই ঘটনা ঘিরে রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র আকার নিয়েছে।





