খবরিয়া ২৪ ডেস্ক, ২৮ জানুয়ারিঃ বুধবার সকালে মহারাষ্ট্রের বারামতিতে ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা এনসিপি নেতা অজিত পওয়ারের। অবতরণের সময়ই ভেঙে পড়ে তাঁর ব্যক্তিগত বিমানটি। অসামরিক বিমান পরিবহণ অধিদপ্তর জানিয়েছে, বিমানে থাকা মোট ছয়জন আরোহীর সকলেরই মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় দেশজুড়ে শোকের আবহ তৈরি হয়েছে।
দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসতেই শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে এই ঘটনার যথাযথ ও নিরপেক্ষ তদন্তের দাবিও জানিয়েছেন তিনি। সমাজমাধ্যমে এক বার্তায় মুখ্যমন্ত্রী লিখেছেন, “অজিত পওয়ারের আকস্মিক মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত ও স্তম্ভিত। মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী এবং তাঁর সহযাত্রীরা আজ সকালে বারামতিতে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। তাঁর কাকা শরদ পওয়ারজি-সহ পরিবারের সকল সদস্য এবং প্রয়াত অজিতজির বন্ধুবান্ধব ও অনুরাগীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা। এই ঘটনার সঠিক তদন্ত অত্যন্ত প্রয়োজন।”
প্রাথমিক সূত্রের খবর, বুধবার সকাল পৌনে ৯টা নাগাদ বারামতি বিমানবন্দরে অবতরণের সময় বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে। ভেঙে পড়ার পরই বিমানটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও উদ্ধারকারী দল, তবে আগুনের তীব্রতার কারণে কাউকেই বাঁচানো সম্ভব হয়নি।
এনসিপি সূত্রে জানা গিয়েছে, জেলা পরিষদের নির্বাচনে দলীয় প্রার্থীদের হয়ে প্রচারের উদ্দেশ্যে এদিন সকালে মুম্বই থেকে বারামতির উদ্দেশে রওনা দিয়েছিলেন অজিত পওয়ার। বারামতিতে তাঁর তিনটি রাজনৈতিক জনসভার কর্মসূচি ছিল। নিজের বিধানসভা কেন্দ্রের পথেই এই মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়েন তিনি।
অজিত পওয়ারের আকস্মিক প্রয়াণে মহারাষ্ট্রের রাজনীতিতে গভীর শূন্যতার সৃষ্টি হয়েছে। একের পর এক রাজনৈতিক নেতা ও বিশিষ্ট ব্যক্তি শোকবার্তা জানাচ্ছেন। দুর্ঘটনার কারণ জানতে DGCA ইতিমধ্যেই পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে।





