নিজস্ব সংবাদদাতা, দিনহাটা: বৈধ ভোটারদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা এবং ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবিতে সোমবার দিনহাটা-২ নম্বর ব্লক অফিসে ডেপুটেশন দিল সারাভারত কৃষক সভা (এআইকেএস)। সাহেবগঞ্জে সংগঠনের ডাকে এ দিন একটি মিছিল ও বিক্ষোভ কর্মসূচির পর ব্লক প্রশাসনের হাতে স্মারকলিপি তুলে দেন কৃষক সংগঠনের নেতৃত্ব।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বহু বৈধ ভোটারের নাম এখনও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। এর ফলে সাধারণ মানুষ ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে সমস্যার মুখে পড়ছেন। কৃষক সভার দাবি, দ্রুত বিশেষ উদ্যোগ নিয়ে সমস্ত বৈধ ভোটারের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। একই সঙ্গে বোরো ধানের অভাবী বিক্রয় বন্ধ করে সরকারি উদ্যোগে প্রতি কুইন্টাল ধান ২৩৮০ টাকা দরে কেনার ব্যবস্থা করার দাবিও তোলা হয়।
কৃষক সভার নেতৃত্বের অভিযোগ, ধানের ন্যায্য মূল্য না পাওয়ায় এলাকার বহু চাষি আর্থিক সঙ্কটে পড়েছেন। বাজারে কম দামে ধান বিক্রি করতে বাধ্য হওয়ায় উৎপাদন খরচও তুলতে পারছেন না অনেকে। তাঁদের বক্তব্য, কৃষকদের স্বার্থে অবিলম্বে সরকারকে হস্তক্ষেপ করে ন্যূনতম সহায়ক মূল্যে ধান কেনার ব্যবস্থা করতে হবে। সেই সঙ্গে ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রেও প্রশাসনকে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে বলে দাবি সংগঠনের।
এই দাবিগুলিকে সামনে রেখেই এ দিন ব্লক অফিসে স্মারকলিপি জমা দেয় সারাভারত কৃষক সভা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন দিনহাটা-২ নম্বর ব্লক কৃষক সভার সম্পাদক সুনীল সরকার, জেলা নেতৃত্ব তারাপদ বর্মন-সহ সংগঠনের অন্যান্য নেতা ও সদস্যরা।
বিক্ষোভ মঞ্চ থেকে বক্তারা বলেন, গণতান্ত্রিক অধিকার রক্ষা এবং কৃষকদের স্বার্থ সুরক্ষিত করতে প্রশাসনকে দ্রুত পদক্ষেপ করতে হবে। দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথেও হাঁটার হুঁশিয়ারি দেন তাঁরা।
সব মিলিয়ে, ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি থেকে শুরু করে ধানের ন্যায্যমূল্য দু’টি গুরুত্বপূর্ণ ইস্যুকে সামনে রেখে সাহেবগঞ্জে কৃষক সভার এই ডেপুটেশন ঘিরে দিনভর সরগরম ছিল দিনহাটা-২ ব্লক অফিস চত্বর।





