খবরিয়া ২৪ ডেস্ক, ১৭ ডিসেম্বরঃ আসন্ন বিধানসভা ভোটের আগে পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যান পদে পরিবর্তন আনল তৃণমূল কংগ্রেস। দলীয় নির্দেশ মেনে মঙ্গলবার নতুন চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন তৃণমূল কাউন্সিলর বিভূতি ঘোষ। এর আগে গত ২৫ নভেম্বর চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন কার্তিক ঘোষ।
দলীয় সূত্রে জানা গেছে, ২০২১ সালের বিধানসভা নির্বাচন ও সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে পুরাতন মালদা পুরসভা এলাকায় তৃণমূলের ফল আশানুরূপ না হওয়ায় এই পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সূত্র ধরেই পুরনো চেয়ারম্যানকে সরিয়ে নতুন মুখ হিসেবে বিভূতি ঘোষকে সামনে আনা হয়েছে।
এদিন চেয়ারম্যান নির্বাচন ঘিরে পুরাতন মালদা পুরসভা চত্বরে টানটান উত্তেজনার ছবি ধরা পড়ে। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। সকালেই নির্ধারিত সময় অনুযায়ী সমস্ত তৃণমূল কাউন্সিলররা নির্বাচনী বৈঠকে হাজির হন। বৈঠক শুরুর আগে তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী আনুষ্ঠানিকভাবে নতুন চেয়ারম্যান হিসেবে বিভূতি ঘোষের নাম ঘোষণা করেন। পরে কাউন্সিলরদের বৈঠকে সর্বসম্মতভাবে তাঁকে সমর্থন করা হয়।
তবে বৈঠক শেষ হওয়ার আগেই ৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বৈশিষ্ট্য ত্রিবেদী বৈঠক ছেড়ে বেরিয়ে যান। তিনি সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, “যা বলার জনসাধারণ বলবেন।”
নতুন চেয়ারম্যান হিসেবে নাম ঘোষণার পর পুরসভা চত্বরে বিভূতি ঘোষের অনুগামীরা উল্লাসে মেতে ওঠেন। বাজি ফাটিয়ে ও স্লোগান দিয়ে আনন্দ প্রকাশ করা হয়।
এদিকে পদত্যাগী চেয়ারম্যান কার্তিক ঘোষ ক্ষোভ প্রকাশ করে বলেন, “যাঁরা আজ বাজি ফাটাচ্ছেন, তাঁরা যেন বিধানসভা ভোটে নিজেদের ওয়ার্ডে ভালো ফল করে দলীয় প্রার্থীকে জেতাতে পারেন।” তিনি আরও জানান, দলের নির্দেশ মেনেই ইস্তফা দিয়েছেন এবং ভবিষ্যতেও দলীয় সিদ্ধান্ত মেনে চলবেন।
শপথ নেওয়ার পর বিভূতি ঘোষ বলেন, “এর আগেও দু’বার পুরপ্রধান ছিলাম। সকলকে সঙ্গে নিয়ে উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাওয়াই আমার লক্ষ্য। একসঙ্গে কাজ করলে আসন্ন বিধানসভা নির্বাচনে পুরাতন মালদা থেকে তৃণমূলকে লিড দেওয়া সম্ভব।”





