জলপাইগুড়ি, ১৮ ডিসেম্বর : প্রেমিকা দখলকে কেন্দ্র করে হওয়া সংঘর্ষে গুরুতর জখম এক পূর্ণবয়স্ক মর্দা চিতাবাঘের মৃত্যু হল। বুধবার সকালে ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের তুড়িবাড়ি এলাকায় পিএইচইর জলাধারের পাশে খোলা মাঠে চিতাবাঘটিকে নিস্তেজ অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
তারপরই বন দপ্তরকে খবর দেওয়া হয়। এনিয়ে বৈকুণ্ঠপুর বন বিভাগের ভারপ্রাপ্ত ডিএফও বিকাশ ভি বলেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এলাকা ও সঙ্গিনী দখলকে কেন্দ্র করে দুই মর্দা চিতাবাঘের মধ্যে সংঘর্ষহয়েছে।যার জেরে এই চিতাবাঘটির মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
‘জানা গিয়েছে, বন দপ্তরের তারঘেরা রেঞ্জ অফিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে চিতাবাঘটির মৃতদেহ উদ্ধার করে তারঘেরার জঙ্গলে নিয়ে গিয়েছেন। সেখানেই মৃত চিতাবাঘটির ময়নাতদন্ত করা হবে। তারঘেরার রেঞ্জ অফিসার স্বপনকুমার রায় বলেন, ‘প্রাপ্তবয়স্ক মর্দা চিতাবাঘটির বয়স আনুমানিক দশ বছর হবে। সেটির শরীরে দাঁত ও নখের আঁচড়ের একাধিক ক্ষতচিহ্ন রয়েছে।





