কলকাতা, ৯ নভেম্বরঃ রাজ্যের বিএড শিক্ষায় বড়সড় ধাক্কা। একসঙ্গে ২০৫টি বিএড কলেজে নতুন করে ভর্তি বন্ধের সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে আইনি লড়াই। রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছে ৫৭টি কলেজ। মামলাকারীদের অভিযোগ, কেন তাদের কলেজে ভর্তি বন্ধ করা হল, তার নির্দিষ্ট কারণ জানিয়ে কোনও স্পষ্ট নোটিস দেওয়া হয়নি। এমনকী পরিদর্শনের প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। মঙ্গলবার বিচারপতির বেঞ্চে মামলার শুনানির সম্ভাবনা।
বাবাসাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্য সরকারের নির্ধারিত পরিকাঠামো ও প্রশাসনিক মানদণ্ড পূরণে ব্যর্থ হয়েছে তালিকাভুক্ত ২০৫টি বিএড কলেজ। সেই কারণেই তাদের অ্যাফিলিয়েশন বা অধিভুক্তির মেয়াদ পুনর্নবীকরণ করা হয়নি। ফলে ২০২৬-২৮ শিক্ষাবর্ষে ওই কলেজগুলিতে নতুন করে পড়ুয়া ভর্তি করা যাবে না। তবে পরিকাঠামোগত ঘাটতি পূরণ করে শিক্ষক নিয়োগ-সহ প্রয়োজনীয় শর্ত পূরণ করতে পারলে ২০২৭-২৯ শিক্ষাবর্ষে ফের ভর্তির অনুমতি পাওয়ার সুযোগ রয়েছে।
প্রসঙ্গত, রাজ্যের বিএড কলেজগুলির পরিকাঠামো ও শিক্ষার মান যাচাইয়ে আগেই পরিদর্শন শুরু করেছিল উচ্চশিক্ষা ও কারিগরি শিক্ষা দফতর। প্রথম পর্যায়ে ১৫৬টি কলেজকে সরাসরি ভর্তির অনুমতি দেওয়া হয়। অন্য দিকে, মানদণ্ডে পিছিয়ে থাকা ৪১৫টি কলেজকে ২১ দিনের মধ্যে ঘাটতি পূরণের নির্দেশ দেওয়া হয়েছিল। এর মধ্যে ন’টি কলেজ কোনও জবাব দেয়নি বলে জানা যায়।
পরবর্তী পর্যায়ে ফের পরিদর্শক দল পাঠানো হয়। সেই যাচাইয়ে ২৩৭টি কলেজ প্রয়োজনীয় মান পূরণ করায় গত ৪ নভেম্বর থেকে তাদের ভর্তির অনুমতি দেওয়া হয়। কিন্তু চূড়ান্ত পর্যালোচনায় বাকি ২০৫টি কলেজকে এখনও নির্ধারিত শর্ত পূরণে ব্যর্থ বলে চিহ্নিত করা হয়েছে।
এই সিদ্ধান্তের বিরোধিতা করেই আদালতের দ্বারস্থ ৫৭টি কলেজ। মামলাকারীদের বক্তব্য, ঠিক কোন পরিকাঠামোগত বা প্রশাসনিক ঘাটতির কারণে তাদের অধিভুক্তি পুনর্নবীকরণ করা হয়নি, তা বিস্তারিত জানানো হয়নি। এই সিদ্ধান্তের জেরে শুধু কলেজগুলির আর্থিক ও প্রশাসনিক কার্যকলাপ নয়, পড়ুয়া এবং শিক্ষক-শিক্ষিকাদের ভবিষ্যৎও অনিশ্চয়তার মুখে পড়তে পারে। এবার হাই কোর্টের শুনানিতে এই সিদ্ধান্তের বৈধতা ও পরিদর্শন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে কী প্রশ্ন ওঠে, সেদিকেই নজর শিক্ষা মহলের।





