মাথাভাঙ্গা, ২৫ আগস্টঃ রাজ্যজুড়ে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই সক্রিয় মাথাভাঙা মহকুমা প্রশাসন এবং পুলিশ। সাধারণ মানুষের উপর মূল্যবৃদ্ধির চাপ কমাতে মঙ্গলবার মাথাভাঙা বাজারের একাধিক মুদিখানার পাইকারি দোকানে একযোগে অভিযান চালাল প্রশাসন।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, চাল, চিনি-সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর কালোবাজারি, মজুতদারি এবং কৃত্রিম ভাবে পণ্যের ঘাটতি তৈরি করে দাম বাড়ানোর অভিযোগ ঠেকাতেই এই অভিযান। ব্যবসায়ীরা বৈধ মূল্যে সামগ্রী বিক্রি করছেন কি না, দোকানে পণ্যের সঠিক মূল্যতালিকা বা ‘প্রাইস বোর্ড’ রয়েছে কি না, তা খতিয়ে দেখেন আধিকারিকেরা। পাশাপাশি দোকানে মজুত পণ্য, বিক্রয়মূল্য এবং প্রয়োজনীয় নথিপত্রও পরীক্ষা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন মাথাভাঙার মহকুমাশাসক সুশোভন মণ্ডল এবং মহকুমা পুলিশ আধিকারিক সমরেন হালদার। তাঁদের সঙ্গে ছিলেন প্রশাসনের অন্যান্য আধিকারিক এবং পুলিশকর্মীরা।
অভিযান ঘিরে ব্যবসায়ীদেরও সতর্ক করেছে প্রশাসন। অসাধু উপায়ে পণ্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষকে সমস্যায় ফেলা হলে কোনও ভাবেই তা বরদাস্ত করা হবে না বলে জানানো হয়েছে। কালোবাজারি, মজুতদারি কিংবা কৃত্রিম সংকট তৈরির অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।
প্রশাসনের দাবি, আগামী দিনেও বাজারদর এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সরবরাহের উপর নজরদারি চলবে।





