কোচবিহার, ১০ সেপ্টেম্বর: ছোট ব্যবসা, সামান্য পুঁজি। সেই পুঁজিতেই সংসার চলে অনেকের। কিন্তু ব্যবসা একটু বাড়াতে গেলেই সামনে আসে টাকার সমস্যা। রাস্তার ধারের ছোট দোকান থেকে ফেরিওয়ালার ব্যবসা সেই ক্ষুদ্র উদ্যোগগুলির পাশে দাঁড়াতেই কোচবিহারে শুরু হল লোক কল্যাণ মেলা। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই মেলার মাধ্যমে স্ট্রিট ভেন্ডার এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ দেওয়ার উদ্যোগ নিয়েছে কোচবিহার পৌরসভা।
শুধু ঋণ দেওয়াই নয়, ব্যবসার প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপে আর্থিক সহায়তার ব্যবস্থা রাখা হয়েছে। মোট তিনটি কিস্তিতে মিলবে ঋণ। প্রথম কিস্তিতে দেওয়া হবে ১৫ হাজার টাকা। এই টাকা এক বছরের মধ্যে পরিশোধ করতে হবে। ব্যবসা কিছুটা গুছিয়ে উঠলে দ্বিতীয় ধাপে মিলবে ২৫ হাজার টাকা। সেই ঋণ শোধ করার জন্য সময়সীমা রাখা হয়েছে ১৮ মাস। তৃতীয় কিস্তিতে ঋণের পরিমাণ বেড়ে হবে ৫০ হাজার টাকা। এই ঋণ পরিশোধের সময়সীমা তিন বছর।
বৃহস্পতিবার মেলা প্রাঙ্গণে ঋণগ্রহীতাদের হাতে ঋণ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র তুলে দেন কোচবিহারের সদর মহকুমা শাসক গোবিন্দ নন্দী। প্রশাসনের এই উদ্যোগে ছোট ব্যবসার সঙ্গে যুক্ত বহু মানুষের উপকার হবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে যাঁদের ব্যবসার পরিধি বাড়ানোর ইচ্ছা থাকলেও বড় অঙ্কের পুঁজি জোগাড় করা সম্ভব হয় না, তাঁদের কাছে এই ঋণ কার্যত নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি করতে পারে।
রাজ্যের অন্যান্য এলাকার পাশাপাশি কোচবিহারেও এই মেলার আয়োজন করা হয়েছে। ক্ষুদ্র ব্যবসায়ী ও স্ট্রিট ভেন্ডারদের আর্থিকভাবে স্বনির্ভর করার লক্ষ্যেই এই উদ্যোগ বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।
আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে লোক কল্যাণ মেলা। ফলে এই সময়ের মধ্যে আরও ক্ষুদ্র ব্যবসায়ী এই উদ্যোগের আওতায় আসতে পারেন। ছোট পুঁজির ব্যবসাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে মেলার এই ঋণ-সহায়তা কতটা কার্যকর হয়, এখন সেটাই দেখার।





