উত্তর ২৪ পরগনা, ২ মেঃ মানবিক উদ্যোগের এক উজ্জ্বল দৃষ্টান্ত সামনে আনলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর ব্যক্তিগত উদ্যোগ ও ‘সেবাশ্রয়’-এর প্রচেষ্টায় জন্মগত অন্ধত্ব কাটিয়ে আলো দেখল আট মাস বয়সী দুই যমজ শিশু আলিফা ও রায়ানা খাতুন।
জানা গিয়েছে, জন্ম থেকেই দৃষ্টিহীন ছিল দুই শিশু। পরিবারের আশা প্রায় শেষ হয়ে গিয়েছিল। সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তরের কাছে আবেদন জানান তাঁদের পরিবার। এরপর দ্রুত উদ্যোগ নিয়ে শিশুদের হায়দ্রাবাদের এলভি প্রসাদ আই ইনস্টিটিউট-এ নিয়ে যাওয়া হয়। সেখানে সফল অস্ত্রোপচারের পর বর্তমানে দুই শিশুই সুস্থ এবং প্রথমবারের মতো পৃথিবীর আলো দেখতে পাচ্ছে।
এই সুখবরটি সমাজমাধ্যমে ভাগ করে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, এই সাফল্য শুধু চিকিৎসাবিজ্ঞানের নয়, এটি মানবিক প্রশাসনের প্রতিফলন। তাঁর কথায়, “সঠিক সময়ে সঠিক পদক্ষেপ মানুষের জীবন বদলে দিতে পারে।” তিনি আরও জানান, শিশুদের পরিবারের মুখে হাসিই এই উদ্যোগের সবচেয়ে বড় প্রাপ্তি।
আলিফা ও রায়ানার মা আবেগঘন কণ্ঠে বলেন, “জন্ম থেকেই ওরা দেখতে পেত না। ভাবিনি কোনওদিন দুনিয়া দেখতে পারবে। অভিষেক দাদার জন্যই আজ আমার বাচ্চারা আলো দেখছে।” তাঁর এই বক্তব্যে স্পষ্ট, পরিবারের কাছে এই ঘটনা যেন এক অলৌকিক পরিবর্তন।
এই ঘটনার পর সামাজিক মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানবিক উদ্যোগের প্রশংসা ছড়িয়ে পড়েছে। ‘সেবাশ্রয়’-এর মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকার যে অঙ্গীকার তিনি করেছিলেন, এই ঘটনা তারই বাস্তব উদাহরণ হিসেবে উঠে এসেছে।





