খবরিয়া ২৪ ডেস্ক, ১০ ফেব্রুয়ারিঃ সংসদের বাজেট অধিবেশনের প্রথম পর্বে ফের দফায় দফায় অচলাবস্থা তৈরি হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা মুলতুবি থাকছে লোকসভা। সোমবারের পর মঙ্গলবারও একই ছবি। বিরোধীদের অভিযোগ, সংসদ চালাতে অনীহা দেখাচ্ছে কেন্দ্রীয় সরকার। এই পরিস্থিতিতে সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোদী সরকার ও লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অভিষেকের অভিযোগ, বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে বারবার বলতে দেওয়া হয়নি। এর জেরে সোমবার বাজেট নিয়ে বক্তব্য রাখতে পারেননি তৃণমূলের সাংসদরাও। তাঁর কথায়, “আমরা চাই সংসদ চলুক। সংসদ চালানোর দায়িত্ব সরকারের। কিন্তু আঠারো-কুড়ি ঘণ্টার জন্য অধিবেশন মুলতুবি করা হচ্ছে। আজ স্পিকারই এলেন না, চেয়ারে বসলেন না।”
স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব প্রসঙ্গে অভিষেক স্পষ্ট জানান, তৃণমূলের কোনও আপত্তি নেই। লোকসভার ২৮ জন তৃণমূল সাংসদই তাতে সই করবেন। তবে তার আগে একটি নির্দিষ্ট প্রক্রিয়া মানার দাবি তোলেন তিনি। অভিষেক বলেন, ইন্ডিয়া জোটের সব শরিক দলকে যৌথভাবে একটি চিঠি দিয়ে স্পিকারের কাছে চারটি অভিযোগ লিখিতভাবে জানাতে হবে। তিন দিনের মধ্যে যদি স্পিকার পদক্ষেপ না করেন বা উত্তর না দেন, তবেই অনাস্থা প্রস্তাব আনা উচিত।
কংগ্রেসের আট সাংসদকে নিলম্বন, মহিলা সাংসদদের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং বিরোধী দলনেতাকে বলতে না দেওয়ার বিষয়গুলি চিঠিতে উল্লেখ করার দাবি করেন তিনি। অভিষেকের যুক্তি, “ভুল করলে সুযোগ দেওয়া উচিত। এটাই বিজেপি আর আমাদের মধ্যে পার্থক্য।”
দফায় দফায় সংসদ মুলতুবির জন্য সরাসরি কেন্দ্রকে দায়ী করে অভিষেক বলেন, সরকার বাজেট নিয়ে আলোচনায় ভয় পাচ্ছে। বিরোধীদের প্রশ্ন ও রাজনৈতিক আক্রমণ সহ্য করতে না পেরেই সংসদ চালাতে চাইছে না বলেও তাঁর অভিযোগ।





