জলপাইগুড়ি,২৫ এপ্রিলঃ বর্তমান সময়ে যখন প্রতিনিয়ত নানা অনৈতিক ঘটনার খবর সামনে আসে, ঠিক তখনই এক ব্যতিক্রমী সততার নজির গড়লেন জলপাইগুড়ি-র এক সাধারণ মানুষ। শহরের দিনবাজার এলাকায় একটি এটিএম থেকে উদ্ধার হওয়া প্রায় ৪৯ হাজার টাকা প্রকৃত মালিকের হাতে ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন স্থানীয় বাসিন্দা অশোক কুমার সিং।
ঘটনাটি ঘটে শুক্রবার গভীর রাতে। দিনবাজারের একটি বেসরকারি ব্যাঙ্কের এটিএমে টাকা তুলতে গিয়ে অশোকবাবু দেখতে পান, মেশিনের ভিতরে একটি টাকার বান্ডিল পড়ে রয়েছে। আশেপাশে খোঁজ নিয়েও কাউকে না পেয়ে তিনি কোনও দেরি না করে খবর দেন স্থানীয় কোতোয়ালি থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তিনি সম্পূর্ণ টাকাই তাঁদের হাতে তুলে দেন।
পেশায় শ্রমজীবী অশোকবাবুর এই সততা সকলকে মুগ্ধ করেছে। তাঁর কথায়, “আমরা পরিশ্রম করে খাই, অন্যের টাকায় হাত দেওয়া আমাদের শেখানো হয়নি।” তাঁর এই বক্তব্যেই ধরা পড়ে তাঁর মূল্যবোধ ও নৈতিকতা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক তদন্তে জানা যায়, ওই টাকা ভুলবশত ফেলে গিয়েছিলেন হনুমান মাল গোছা নামে এক ব্যক্তি। তিনি এটিএমে টাকা জমা দিতে এসে কোনও কারণে ব্যর্থ হন এবং তাড়াহুড়োর মধ্যে টাকার বান্ডিলটি সেখানেই রেখে চলে যান। পরে বিষয়টি বুঝতে পেরে তিনি ফের এটিএমে আসেন এবং পুলিশের মাধ্যমে নিজের টাকা ফিরে পাওয়ার আশা করেন।
পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ ও প্রয়োজনীয় নথিপত্র যাচাইয়ের পর যথাযথ প্রক্রিয়া মেনে টাকাটি প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হবে। অশোকবাবুর এই মহৎ উদ্যোগকে কুর্নিশ জানিয়েছে জেলা পুলিশ থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারাও। তাঁর এই কাজ আবারও প্রমাণ করে দিল সততা এখনও বেঁচে আছে সমাজে।





