দিনহাটা, ৩০ ডিসেম্বর: এসআইআর প্রক্রিয়ার শুনানি কেন্দ্রে এসে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন নয় মাসের অন্তঃসত্ত্বা এক মহিলা। ঘটনাটি ঘটেছে দিনহাটায় বিডিও অফিস সংলগ্ন এলাকায়। ওই ঘটনা ঘিরে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। অভিযোগ, খাতায়-কলমে স্পষ্ট নির্দেশ থাকলেও বাস্তবে তা মানা হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাতালহাট গ্রাম পঞ্চায়েতের ভলকা গ্রামের ১৪৬ নম্বর বুথের ভোটার লাভলী বিবি নয় মাসের অন্তঃসত্ত্বা হওয়া সত্ত্বেও এসআইআর শুনানি কেন্দ্রে হাজির হতে বাধ্য হন। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী অসুস্থ, অন্তঃসত্ত্বা ও বয়স্ক ব্যক্তিদের বাড়িতেই বিশেষ ব্যবস্থায় শুনানি নেওয়ার কথা থাকলেও, সেই নিয়ম কার্যকর করা হয়নি বলেই অভিযোগ।
শুনানি কেন্দ্রে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন লাভলী বিবি। পরিস্থিতি সামাল দিতে দ্রুত তাঁর শুনানির প্রক্রিয়া সম্পন্ন করা হয়। উপস্থিত কর্মী ও স্থানীয়দের সহায়তায় তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে বাড়ি পাঠানো হয়।
ওই ঘটনার পর লাভলী বিবি বলেন, “হিয়ারিংয়ে এসে হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েছিলাম। মাথা ঘুরছিল, শরীর খারাপ লাগছিল। পরে সবাই চোখে-মুখে জল দিলে একটু সুস্থ হই।”
এই ঘটনাকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তিনি বলেন, “যাঁরা ভোট দিয়ে মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীকে জিতিয়েছেন, আজ তাঁদেরই যদি ভোটার তালিকায় নিজের নাম রাখতে প্রার্থনা করতে হয়, এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না।” তাঁর অভিযোগ, এসআইআর প্রক্রিয়ার নামে সাধারণ মানুষকে অমানবিকভাবে হয়রানি করা হচ্ছে।
ঘটনাটি এসআইআর প্রক্রিয়ার মানবিক দিক নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, অবিলম্বে এই ধরনের অমানবিক পদ্ধতির সংশোধন প্রয়োজন।





