মালদা, ১১ ডিসেম্বর: নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক জাগরণ এবং নারীর মর্যাদা রক্ষার বার্তা নিয়ে মালদা শহরে অনুষ্ঠিত হল ‘অঙ্গীকার যাত্রা’। জাগো নারী জাগো বহ্নিশিখা সংস্থার উদ্যোগে আয়োজিত এই যাত্রায় প্রায় পাঁচ শতাধিক মহিলা অংশ নেন। নাগরিক সমাজের সহযোগিতায় নারী সুরক্ষার দাবি তুলে এই কর্মসূচি শহরজুড়ে ব্যাপক সাড়া ফেলে।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ৯ ডিসেম্বর কোচবিহার থেকে এই অঙ্গীকার যাত্রার সূচনা হয়। বিভিন্ন জেলা অতিক্রম করে মঙ্গলবার যাত্রা পৌঁছায় মালদায়। এরপর মালদা টাউন স্টেশন থেকে যাত্রা শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। ব্যানার, প্ল্যাকার্ড হাতে নারী নির্যাতন রোধ, সমান অধিকার ও নিরাপত্তার দাবি তোলেন অংশগ্রহণকারীরা। পথ চলতি মানুষও এই সচেতনতা যাত্রাকে স্বাগত জানান।
পরিক্রমা শেষে শহরের এলআইসি মোড়ে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সেখানে বক্তারা সমাজে নারীদের প্রতি সহিংসতা, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে জোরালো বক্তব্য রাখেন। নারী সুরক্ষায় প্রশাসনের আরও উদ্যোগ, দ্রুত বিচার এবং প্রতিটি স্তরে সমাজের সক্রিয় ভূমিকার ওপর জোর দেন তাঁরা। বিশেষ করে শিশু, কিশোরী ও কর্মরত নারীদের প্রতি নিরাপত্তা নিশ্চিত করা আজকের দিনে অত্যন্ত জরুরি বলে উল্লেখ করেন বক্তারা।
সংস্থার কর্তৃপক্ষ জানিয়েছেন, মালদা থেকে যাত্রা এবার কলকাতার উদ্দেশে রওনা দেবে। আগামী ১৬ ডিসেম্বর কলকাতায় পৌঁছে একটি প্রতিভা সভার মাধ্যমে নারীদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষার অঙ্গীকার নিয়ে এই যাত্রার সমাপ্তি ঘোষণা করা হবে।
অঙ্গীকার যাত্রার লক্ষ্য, নারী নির্যাতনের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ করা এবং নিরাপদ সমাজ গঠনে প্রত্যেকের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেওয়া। মালদার রাস্তায় মঙ্গলবার সেই বার্তাই আরও জোরালো হয়ে উঠল।





