আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

২৫৫ একর জমিতে প্রতিরক্ষা শিল্প, রঘুনাথপুরে জুপিটারের প্রকল্প ঘিরে নতুন আশার আলো

Published on: September 28, 2026
---Advertisement---

কলকাতা, ২৮ সেপ্টেম্বরঃ একদা শিল্পের আশায় জমি দিয়েছিল রঘুনাথপুর। বছরের পর বছর কেটে গেলেও সেই জমির বড় অংশে শিল্পের দেখা মেলেনি। এবার সেই ছবিই বদলানোর সম্ভাবনা। পুরুলিয়ার রঘুনাথপুর শিল্পতালুকে অমিত মেটালিক্সের পর আরও একটি বড় শিল্পপ্রকল্পের প্রস্তুতি শুরু হয়েছে। রঘুনাথপুর-২ ব্লকের রুকনিতে ২৫৫ একর জমিতে সমন্বিত প্রতিরক্ষা উৎপাদন কেন্দ্র গড়ার পরিকল্পনা করেছে জুপিটার ডিফেন্স প্রাইভেট লিমিটেড। রাজ্য শিল্প উন্নয়ন নিগম সূত্রে খবর, খুব শীঘ্রই প্রকল্পের কাজ শুরু হতে পারে।

রুকনি এলাকায় যে জমি প্রকল্পের জন্য দেওয়া হয়েছে, তা প্রায় ১৭ বছর আগে বাম আমলে শিল্পের জন্য অধিগৃহীত হয়েছিল। ওই জমিতে আগে একটি ইস্পাত প্রকল্প করার উদ্যোগ হলেও তা বাস্তবায়িত হয়নি। পরে সংশ্লিষ্ট সংস্থার কাছ থেকে জমি ফিরিয়ে নেয় রাজ্য। দীর্ঘদিন অব্যবহৃত পড়ে থাকা সেই জমিতেই এ বার প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির কেন্দ্র গড়ার উদ্যোগ।

প্রকল্পস্থলের অবস্থানও শিল্পের পক্ষে অনুকূল। কাছেই দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা-গোমো রেলপথের রুকনি স্টেশন। রঘুনাথপুর-চেলিয়ামা সড়কও বেশি দূরে নয়। ফলে পণ্য পরিবহণ থেকে কাঁচামাল আনা দুই ক্ষেত্রেই রেল ও সড়ক যোগাযোগকে কাজে লাগানো সম্ভব বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

সম্প্রতি পুরুলিয়ায় এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামী এক বছরে জেলায় এক লক্ষ কোটি টাকা বিনিয়োগের কথা জানিয়েছিলেন। তার আগেই কলকাতায় শিল্প সংস্থাগুলির হাতে রঘুনাথপুরে জমি তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল। সেই তালিকাতেই ছিল জুপিটার ডিফেন্স। ফলে প্রকল্প ঘিরে স্থানীয় মানুষের প্রত্যাশাও বাড়ছে।

দীর্ঘদিন কর্মসংস্থানের অভাবে রঘুনাথপুরের বহু বাসিন্দাকে ভিন্‌রাজ্যে যেতে হয় বলে স্থানীয়দের দাবি। তাঁদের আশা, নতুন কারখানা তৈরি হলে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে কর্মসংস্থানের সুযোগ বাড়বে। ধানাড়া-সহ আশপাশের গ্রামের বাসিন্দারাও দ্রুত প্রকল্পের কাজ শুরুর অপেক্ষায়।

তবে শিল্পায়নের সঙ্গে পরিবেশের প্রশ্নও রয়েছে। রঘুনাথপুর শিল্পাঞ্চলে ‘রেড ক্যাটেগরি’ শিল্প নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় আপত্তি ও আন্দোলন হয়েছে। অমিত মেটালিক্স নিয়েও স্থানীয়দের একাংশের অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট সংস্থার অবশ্য দাবি, তাদের প্রকল্প পরিবেশবান্ধব।

ফলে রঘুনাথপুরে নতুন প্রতিরক্ষা শিল্পের সম্ভাবনার সঙ্গে এখন নজর থাকবে দু’টি বিষয়েই কত দ্রুত প্রকল্প বাস্তবের মাটিতে নামে, আর শিল্পের পাশাপাশি পরিবেশের ভারসাম্য কতটা বজায় থাকে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment