মনিরুল হক, কোচবিহারঃ কখনও হৃদ্যন্ত্রের ছন্দ থেমে যাওয়ার আশঙ্কা। সেই ভয় কাটাতেই শরীরে বসেছে পেসমেকার। কিন্তু যন্ত্রটি ঠিকঠাক কাজ করছে তো? ব্যাটারির আয়ু কতটা? কোনও সমস্যা তৈরি হয়েছে কি না এই প্রশ্নগুলির উত্তর খুঁজতেই প্রতি বছরের মতো এ বারও বিনামূল্যে পেসমেকার চেক-আপ ক্যাম্পের আয়োজন করল কোচবিহারের পি কে সাহা হাসপাতাল।
হাসপাতালের এমআইআর বিল্ডিংয়ে আয়োজিত ওই শিবিরে জেলার বিভিন্ন প্রান্ত থেকে পেসমেকার বসানো রোগীরা আসেন। হাসপাতাল সূত্রে খবর, এ দিন শতাধিক রোগী বিনামূল্যে পরিষেবা নিয়েছেন। পেসমেকারের ব্যাটারি কতটা কার্যকর রয়েছে, যন্ত্রের কার্যকারিতায় কোনও সমস্যা দেখা দিয়েছে কি না সহ বিভিন্ন বিষয় পরীক্ষা করা হয় শিবিরে।
হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসক, নার্স-সহ স্বাস্থ্যকর্মীরা রোগীদের প্রয়োজনীয় পরিষেবা দেন। হাসপাতালের তরফে জানানো হয়েছে, পেসমেকার পরীক্ষা-সহ এই ধরনের পরিষেবা বাইরে করাতে গেলে রোগীদের অনেকটাই খরচ করতে হয়। সেই খরচের বোঝা কিছুটা কমাতেই প্রতি বছর এই উদ্যোগ নেওয়া হয়।
দিনহাটা থেকে চেক-আপ করাতে এসেছিলেন এক রোগী। তাঁর কথায়, ‘‘আমার পেসমেকার বসানো হয়েছে। এখন আমি সুস্থ রয়েছি। প্রতি বছর এখানে বিনামূল্যে পেসমেকার চেক-আপ করা হয়। তাই এ বারও পরীক্ষা করাতে এসেছি।’’
চিকিৎসকদের নজরদারিতে পরীক্ষা করিয়ে নিশ্চিন্ত মুখে বাড়ি ফিরেছেন বহু রোগী। হৃদ্যন্ত্রের সঙ্গে জড়িয়ে থাকা ছোট্ট একটি যন্ত্র তার নিয়মিত পরীক্ষা যে কতটা জরুরি, সেই বার্তাই যেন ফের সামনে আনল এই শিবির।





