কোচবিহার, ১৪ মার্চঃ কোচবিহার শহরের পাটাকুড়া সংলগ্ন স্বপন নগর এলাকায় শনিবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যা প্রায় সাড়ে ছটা নাগাদ একটি গৃহস্থ বাড়িতে আচমকা আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং গোটা বাড়িটি পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গেই দমকল বাহিনীকে খবর দেওয়া হলেও তারা ঘটনাস্থলে পৌঁছতে প্রায় এক ঘণ্টা সময় নেয়। সেই সময়ের মধ্যে আগুনের তীব্রতায় বাড়ির ভেতরে মজুত চাল, ডালসহ প্রায় সমস্ত জিনিসপত্রই পুড়ে যায়।
এলাকাবাসীদের দাবি, আগুন লাগার সময় বাড়ির বাসিন্দারা সেখানে উপস্থিত ছিলেন না। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ঘরের ভেতরে থাকা একটি ল্যাপটপ হঠাৎ বিস্ফোরিত হওয়ার পর থেকেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
স্থানীয় মানুষজন নিজেদের উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে দমকলের দেরিতে আসা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা। ঘটনাস্থলে দমকল কর্মীদের সঙ্গে তাঁদের বচসাও হয় বলে জানা গিয়েছে। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ালেও বড়সড় প্রাণহানির খবর পাওয়া যায়নি। এখন ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে।





