জলপাইগুড়ি, ১৮ ডিসেম্বর : রেললাইনে ফের বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল একদল হাতি। ১৩২৪৮ আপ ক্যাপিটাল এক্সপ্রেস চালানোর সময় লোকো পাইলট শ্রী সঞ্জিত সরকার ও সহকারী লোকো পাইলট শ্রী অলোক কুমার সিং চ্যালসা–নাগরাকাটা স্টেশনের মাঝামাঝি কিমি ৭১/৬-৭ এলাকায় রেললাইনের উপর হাতির একটি পালকে দেখতে পান।
পরিস্থিতির গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গেই ট্রেনের গতি নিয়ন্ত্রণ করেন চালকদ্বয়। ট্রেন থামিয়ে হাতির পালকে নিরাপদে রেললাইন পার হওয়ার সুযোগ দেওয়া হয়। কিছু সময়ের মধ্যেই সমস্ত হাতি নিরাপদে জঙ্গলমুখী হলে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
রেল সূত্রে জানা গেছে, লোকো পাইলট ও সহকারী লোকো পাইলটের তৎপরতা ও দায়িত্বশীলতার কারণেই সম্ভাব্য বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।এই ঘটনায় একদিকে যেমন যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত হয়েছে, তেমনই বন্যপ্রাণ সংরক্ষণের ক্ষেত্রেও মানবিক দৃষ্টান্ত স্থাপন করল উত্তর-পূর্ব সীমান্ত রেল।





