ফুলবাড়ি, ২৫ ডিসেম্বরঃ এক দুঃখজনক অগ্নিকাণ্ডের ঘটনায় মুহূর্তের মধ্যে সর্বস্ব হারাল এক দরিদ্র মৎস্যজীবী পরিবার। ঘটনাটি ঘটেছে ফুলবাড়ি পশ্চিম ধনতলা এলাকায়। আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে ঘরবাড়ি সহ সংসারের যাবতীয় আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ির মালিক কৃষ্ণপদ সরকার পেশায় একজন মৎস্যজীবী। নদীতে মাছ ধরেই কোনওমতে তার সংসার চলে। প্রতিদিনের মতো ঘটনার দিনও খুব সকালে তিনি মাছ ধরতে নদীতে চলে যান। সেই সময় বাড়িতে ছিলেন তার স্ত্রী এবং ছোট ছোট তিন কন্যা সন্তান। হঠাৎই বাড়ি থেকে কালো ধোঁয়া বেরোতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। মুহূর্তের মধ্যেই এলাকাবাসীরা ছুটে গিয়ে দেখেন, ঘরে আগুন লেগেছে এবং পরিবারের মহিলা সদস্য আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করছেন।
কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। স্থানীয়দের চেষ্টাতেও আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। কিছুক্ষণের মধ্যেই পুড়ে ছাই হয়ে যায় বাড়ির সমস্ত জিনিসপত্র খাবারদাবার, কাপড়চোপড়, আসবাব, এমনকি নিত্যপ্রয়োজনীয় কাগজপত্রও। সৌভাগ্যক্রমে বড় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি, তবে মানসিক ও আর্থিকভাবে চরম বিপর্যস্ত হয়ে পড়েছে পরিবারটি।
ঘটনার খবর পেয়ে বাড়িতে ফিরে এসে হতবাক হয়ে যান কৃষ্ণপদ সরকার। চোখের সামনে পুড়ে যাওয়া ভিটেমাটি দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি ও তার স্ত্রী। তিনটি ছোট সন্তানের ভবিষ্যৎ নিয়ে গভীর দুশ্চিন্তায় রয়েছেন তাঁরা। বর্তমানে পরিবারটি কার্যত নিঃস্ব অবস্থায় দিন কাটাচ্ছে।
অসহায় এই পরিবারটি সকলের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে। পাশাপাশি, স্থানীয়দের দাবি প্রশাসন যদি দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়ায়, আর্থিক সাহায্য ও পুনর্বাসনের ব্যবস্থা করে, তাহলে হয়তো তারা আবার নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে। এই ঘটনায় এলাকাজুড়ে শোক ও সহানুভূতির আবহ তৈরি হয়েছে।





