খবরিয়া ২৪ ডেস্ক, ২৯ জানুয়ারিঃ দেখতে দেখতে শেষের পথে বছরের প্রথম মাস। জানুয়ারি শেষ হয়ে ফেব্রুয়ারি শুরু হতেই দেশজুড়ে কার্যকর হতে চলেছে একাধিক নিয়মের পরিবর্তন। রান্নার গ্যাসের দাম থেকে শুরু করে সিগারেট, পানমশলার মূল্য, এমনকি ফাস্ট্যাগ ও ব্যাঙ্কিং পরিষেবাতেও আসতে পারে বড়সড় বদল। ১ ফেব্রুয়ারি থেকেই এই সমস্ত পরিবর্তনের প্রভাব পড়তে পারে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে।
আগামী ১ ফেব্রুয়ারি সংসদে পেশ হতে চলেছে কেন্দ্রীয় বাজেট। একই দিনে প্রতি মাসের নিয়ম অনুযায়ী ঘোষণা করা হয় এলপিজি গ্যাসের নতুন দাম। ফলে বাজেটের মধ্যেই গ্যাসের দামে কোনও ছাড় বা পরিবর্তন আনা হয় কি না, সেদিকে তাকিয়ে রয়েছেন মধ্যবিত্তরা। বিশেষজ্ঞদের একাংশের ধারণা, গৃহস্থালীর রান্নার গ্যাসের দামে কিছুটা স্বস্তি মিলতে পারে। পাশাপাশি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামেও ছাড় দেওয়া হতে পারে বলে আশা করছেন ব্যবসায়ীরা।
এলপিজির পাশাপাশি পরিবর্তন হতে পারে বিমানে ব্যবহৃত জ্বালানি তেল বা এয়ার টারবাইন ফুয়েল (ATF)-এর দামও। ATF-এর দাম বাড়লে বা কমলে তার সরাসরি প্রভাব পড়ে বিমান ভাড়ায়। একইসঙ্গে ফেব্রুয়ারি থেকে সিএনজি ও পিএনজি-র দামেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে, ফেব্রুয়ারি মাস থেকেই সিগারেট ও পানমশলার দামে বৃদ্ধি হওয়ার আশঙ্কা বাড়ছে। বিভিন্ন সূত্রের খবর, তামাকজাত পণ্যের উপর জিএসটি বাড়ানোর পাশাপাশি অতিরিক্ত স্বাস্থ্য ও নিরাপত্তা শুল্ক আরোপ করা হতে পারে। এর ফলে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত ভোক্তাদের পকেটে বাড়তি চাপ পড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
এছাড়াও ফেব্রুয়ারির প্রথম দিনেই প্রকাশিত হবে ব্যাঙ্কগুলির ছুটির তালিকা। ফলে ব্যাঙ্ক সংক্রান্ত কাজের পরিকল্পনা আগে থেকেই করে নেওয়া জরুরি। পাশাপাশি ফাস্ট্যাগ সংক্রান্ত নিয়মেও বদল আসছে। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, গাড়ি, ভ্যান ও জিপের ক্ষেত্রে ফাস্ট্যাগের কেওয়াইসি যাচাই সংক্রান্ত নিয়ম সহজ করা হতে পারে, যা সাধারণ মানুষের জন্য স্বস্তির খবর হিসেবেই দেখা হচ্ছে।





