আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

সীমান্তে গবাদি পশু পাচার রুখতে গিয়ে অপহৃত বিএসএফ জওয়ান, পরে বিজিবির হাতে তুলে দিল বাংলাদেশি দুষ্কৃতীরা

Published on: December 21, 2025
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ২১ ডিসেম্বরঃ ভারত–বাংলাদেশ সীমান্তে ফের চাঞ্চল্যকর ঘটনা। গবাদি পশু পাচার রুখতে গিয়ে ঘন কুয়াশার মধ্যে একা হয়ে পড়েন এক বিএসএফ জওয়ান। পরিস্থিতির সুযোগ নিয়ে তাঁকে অপহরণ করে বাংলাদেশি দুষ্কৃতীরা। পরে ওই জওয়ানকে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির হাতে তুলে দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে কোচবিহারের মেখলিগঞ্জের ভারত–বাংলাদেশ সীমান্ত এলাকায়।

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, অপহৃত জওয়ানের নাম বেদ প্রকাশ। তিনি কোচবিহারের বিএসএফের ১৭৪ নম্বর ব্যাটালিয়নের অর্জুন ক্যাম্পে কর্মরত। শনিবার রাতে সীমান্তে টহল দেওয়ার সময় বিএসএফ জওয়ানরা লক্ষ্য করেন, সীমান্তের ফাঁকা অংশ দিয়ে একটি গবাদি পশুর দল ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করছে। সঙ্গে সঙ্গে পাচারকারীদের তাড়া শুরু করেন জওয়ানরা।

তবে তাড়া করতে গিয়েই বিপত্তি ঘটে। ঘন কুয়াশার কারণে দল থেকে কিছুটা এগিয়ে যান বেদ প্রকাশ। কুয়াশার আড়ালে তিনি কার্যত একা হয়ে পড়েন। বিএসএফ সূত্রে আরও জানা গিয়েছে, ২১ তারিখ ভোর আনুমানিক ৪টা ৪৫ মিনিট নাগাদ ওই সুযোগেই বাংলাদেশি দুষ্কৃতীরা জওয়ানকে ধরে ফেলে। গবাদি পশু-সহ তাঁকে জোর করে বাংলাদেশে নিয়ে যাওয়া হয়।

পরবর্তীতে ওই দুষ্কৃতীরা জওয়ানকে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির হাতে তুলে দেয়। ঘটনার খবর পেতেই বিএসএফের পক্ষ থেকে দ্রুত বাংলাদেশের বিজিবির সঙ্গে যোগাযোগ করা হয়। বিএসএফ সেক্টর কমান্ডার সরাসরি বিজিবির সঙ্গে কথা বলেন। বাংলাদেশের তরফে জানানো হয়েছে, অপহৃত ভারতীয় জওয়ান বর্তমানে বিওপি আঙ্গারপোতা এলাকায় রয়েছেন এবং তিনি সুস্থ আছেন।

বিএসএফ সূত্রে আরও জানানো হয়েছে, জওয়ানকে দ্রুত ও নিরাপদে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। দুই দেশের সীমান্ত বাহিনীর মধ্যে ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে বিষয়টি মেটানোর চেষ্টা চলছে। পরিস্থিতি যাতে আরও জটিল না হয়, সে দিকেও নজর রাখা হচ্ছে।

উল্লেখ্য, ভারত-বাংলাদেশ সীমান্তে গবাদি পশু পাচার রুখতে গিয়ে এ ধরনের ঘটনা নতুন নয়। অতীতেও একাধিকবার ঘন কুয়াশা বা প্রতিকূল আবহাওয়ার সুযোগ নিয়ে সীমান্তরক্ষীদের লক্ষ্য করে হামলা বা অপহরণের ঘটনা ঘটেছে। এই ঘটনার পর ফের একবার সীমান্তে সতর্কতা বাড়ানো হয়েছে। কুয়াশার মরসুমে বিশেষ সাবধানতা অবলম্বন এবং টহল ব্যবস্থাকে আরও শক্তিশালী করার নির্দেশ দেওয়া হয়েছে বলে বিএসএফ সূত্রে জানা গিয়েছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment