আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

এসআইআরের শুনানির নামে হয়রানির অভিযোগ বিজেপি বিধায়কের, মাকে ডাকা নিয়ে প্রশ্ন পবন সিংয়ের

Published on: January 18, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ১৮ জানুয়ারিঃ এসআইআর(স্পেশাল ইনটেনসিভ রিভিশন)সংক্রান্ত শুনানির নামে হয়রানির অভিযোগ এবার উঠল বিজেপি শিবির থেকেই। ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন সিং সরব হলেন তাঁর মা, প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের স্ত্রী ঊষা সিংকে শুনানিতে ডাকা নিয়ে। বিষয়টি ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।

পবন সিংয়ের অভিযোগ, পরিবারের অন্য সদস্যদের কোনও সমস্যা হয়নি, এমনকি তাঁকে বা তাঁর বাবাকে শুনানিতেও ডাকা হয়নি। অথচ তাঁর মাকে কেন তলব করা হল, তা তিনি বুঝতে পারছেন না। এ প্রসঙ্গে বিজেপি বিধায়ক বলেন, “বাবা, আমি ও আমার দুই বোন কারও কোনও সমস্যা হয়নি। কিন্তু মাকে কেন ডাকা হল, সেটা সত্যিই প্রশ্নের। নমিনেশন ফিলাপের সময় সমস্ত নথি জমা দেওয়া হয়েছিল, সেখানে মায়ের তথ্যও ছিল।”

জানা গিয়েছে, গত ৫ জানুয়ারি এসআইআরের শুনানিতে ডাকা হয়েছিল ঊষা সিংকে। তিনি প্রয়োজনীয় নথিপত্র নিয়ে শুনানিতে হাজিরও হন। এই ঘটনার প্রায় বারো দিন পর শনিবার প্রকাশ্যে ক্ষোভ উগরে দেন পবন সিং। যদিও তিনি সরাসরি নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুলতে চাননি। তাঁর বক্তব্য, “নির্বাচন কমিশনকে কিছু বলব না। তবে বিএলও বা ইআরও-রা নিশ্চয়ই এমন কিছু করেছে, না হলে কেন শুনানিতে ডাকা হবে?”

উল্লেখ্য, বাংলায় চলা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক নেতাদের মধ্যেও ক্ষোভ বাড়ছে। শাসকদলের একাধিক নেতা ও বিধায়কের পরিবারের সদস্যদেরও ইতিমধ্যে শুনানিতে ডাকা হয়েছে। এবার সেই তালিকায় বিজেপি বিধায়কের পরিবারের নাম যুক্ত হওয়ায় বিতর্ক আরও তীব্র হয়েছে।

এদিকে, এই প্রসঙ্গে জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম কটাক্ষ করে বলেন, “বিজেপি নিজেরাই গর্ত খুঁড়ে তাতে পড়েছে।” তিনি প্রশ্ন তোলেন, যদি পবন সিংয়ের মাকে ডাকার ক্ষেত্রে বিএলও বা ইআরও-র দোষ হয়, তাহলে তাঁর স্ত্রীকে শুনানিতে ডাকার দায় কার ? যদিও সোমনাথ শ্যাম জানিয়েছেন, তাঁর স্ত্রী সমস্ত নথি নিয়ে শুনানিতে হাজির হবেন। এসআইআরকে ঘিরে এই রাজনৈতিক চাপানউতোরে রাজ্য রাজনীতিতে উত্তাপ আরও বাড়ল বলেই মত রাজনৈতিক মহলের।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment