খবরিয়া ২৪ ডেস্ক, ২৭ ডিসেম্বরঃ সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব, তারপর প্রেমের সম্পর্ক। আর সেই প্রেমের টানেই কাঁটাতার পেরিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছিল এক বাংলাদেশি যুবক। তবে শেষরক্ষা হল না। বসিরহাট থেকে ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম রায়হান কবির, বয়স ২৫ বছর। তার বাড়ি বাংলাদেশের সিরাজগঞ্জ জেলায়।
পুলিশ সূত্রে জানা গেছে, রায়হানের দাবি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভারতে এক তরুণীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই প্রেমিকার সঙ্গে দেখা করতেই সে সীমান্ত পেরিয়ে ভারতে আসে। তবে অনুপ্রবেশের পর সে তার প্রেমিকার খোঁজ পায়নি। জেরায় রায়হান পুলিশকে জানায়, সে ‘ভুল জায়গায়’ চলে এসেছে এবং উদ্দেশ্যহীনভাবে বসিরহাট এলাকায় ঘোরাঘুরি করছিল। যদিও তার কথায় ‘সঠিক জায়গা’ কোনটা, সে বিষয়ে স্পষ্ট কোনও তথ্য দিতে পারেনি সে।
ঘটনাটি সামনে আসে গত ২৬ ডিসেম্বর। বসিরহাটের ঢ্যামডেমি এলাকায় রায়হানকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয় বাসিন্দারা। কথা বলার সময় তার বক্তব্যে অসঙ্গতি ধরা পড়লে পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তাকে আটক করে। জিজ্ঞাসাবাদের সময় জানা যায়, সে বাংলাদেশি নাগরিক এবং তার কাছে কোনও বৈধ পরিচয়পত্র বা নথি নেই। পরে তাকে বসিরহাট আদালতে পেশ করা হয়।
পুলিশ এখন খতিয়ে দেখছে, এই ঘটনার নেপথ্যে শুধুই প্রেম নাকি অন্য কোনও উদ্দেশ্য রয়েছে। ভারতে ঠিক কার সঙ্গে রায়হানের প্রেমের সম্পর্ক ছিল, সেই তরুণীর পরিচয় জানার চেষ্টা চলছে। পাশাপাশি কার সহায়তায় সে সীমান্ত পার হয়েছে, এর আগে কখনও ভারতে অনুপ্রবেশ করেছিল কি না, তাও তদন্তের আওতায় রয়েছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় উত্তেজনা এবং নজরদারি বাড়ানো হয়েছে। এর মধ্যেই কীভাবে রায়হান অনুপ্রবেশ করল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ রায়হানের দাবির সত্যতা যাচাইয়ের পাশাপাশি, কোনও কট্টরপন্থী গোষ্ঠীর সঙ্গে তার যোগসূত্র আছে কি না, সেটিও গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে।





