শিলিগুড়ি, ৫ মেঃ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর বিপুল ভোটে জয়ী হন বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। সেই জয়ের আনন্দে মঙ্গলবার ৫ নম্বর ওয়ার্ডে আয়োজিত হল বর্ণাঢ্য বিজয় উল্লাস। স্থানীয় কাউন্সিলর অনিতা মাহাতো-র উদ্যোগে এই কর্মসূচি ঘিরে এলাকাজুড়ে উৎসবের আবহ তৈরি হয়।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃত্ব ও বহু কর্মী-সমর্থক। সকাল থেকেই আবির খেলায় মেতে ওঠেন সবাই। গেরুয়া আবিরে রঙিন হয়ে ওঠে চারপাশ। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে ঝালমুড়ি বিতরণ করা হয়, যা উৎসবের আমেজকে আরও বাড়িয়ে তোলে।
শুধু আবির খেলা বা আপ্যায়নই নয়, আয়োজিত হয় এক বর্ণাঢ্য বিজয় মিছিলও। ওই মিছিলে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। হাতে দলীয় পতাকা, মুখে স্লোগান সব মিলিয়ে এলাকায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন রাস্তায় ঘুরে এই মিছিল শেষ হয় নির্দিষ্ট স্থানে।
স্থানীয় নেতৃত্বের বক্তব্য, এই জয় সাধারণ মানুষের জয় এবং উন্নয়নের প্রত্যাশার প্রতিফলন। আগামী দিনে এলাকার উন্নয়নে আরও জোর দেওয়া হবে বলেও আশ্বাস দেন তাঁরা।
ভোটের ফলাফলের পর রাজ্যের বিভিন্ন প্রান্তে যেখানে রাজনৈতিক উত্তেজনার খবর মিলছে, সেখানে এই শান্তিপূর্ণ বিজয় উদযাপন এলাকাবাসীর কাছে ইতিবাচক বার্তা বহন করছে বলে মনে করছেন অনেকে।





