কোচবিহার, ১৩ এপ্রিলঃ আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে নির্বিঘ্ন ও নির্ভয়ে ভোটগ্রহণ নিশ্চিত করতে তৎপর হয়ে উঠেছে কোচবিহার জেলা প্রশাসন। সোমবার দুপুর ১২টা ৪০ মিনিট নাগাদ এক সাংবাদিক বৈঠকে জেলাশাসক জিতিন যাদব, জেলা পুলিশ সুপার জসপ্রিট সিং এবং ডিস্ট্রিক্ট ফোর্স কো-অর্ডিনেটর শংকাথা প্রসাদ একাধিক গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এবারের নির্বাচনে মোট ৮টি গুরুত্বপূর্ণ বিষয়ে বিশেষ নজর রাখা হচ্ছে। এর মধ্যে রয়েছে শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করা, যেকোনো ধরনের হিংসা প্রতিরোধ, ছাপ্পা ভোট রুখতে কড়া ব্যবস্থা গ্রহণ এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করা।
জেলাশাসক জানান, প্রতিটি বুথে পর্যাপ্ত পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে, যাতে ভোটাররা সম্পূর্ণ নিরাপদ পরিবেশে তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন। পাশাপাশি, প্রতিটি সংবেদনশীল বুথে বিশেষ নজরদারি চালানো হবে বলেও তিনি উল্লেখ করেন।
জেলা পুলিশ সুপার বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। ভোটারদের উদ্দেশ্যে প্রশাসনের বার্তা, “নির্ভয়ে বুথে আসুন, নিশ্চিন্তে ভোট দিন।”





