দিনহাটা, ১০ এপ্রিলঃ সিতাই ব্লকে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে সিতাই বিধানসভার নির্বাচনী ইস্তেহার প্রকাশ করা হল শুক্রবার সকালে। সাংবাদিক বৈঠকের মাধ্যমে ইস্তেহার প্রকাশ করেন সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া এবং বিদায়ী বিধায়ক তথা তৃণমূল প্রার্থী সংগীতা রায়।
দলীয় সূত্রে জানা গিয়েছে, এই ইস্তেহারে সিতাই বিধানসভা এলাকার গত কয়েক বছরের উন্নয়নের পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরা হয়েছে। পাশাপাশি আগামী দিনে এলাকার সার্বিক উন্নয়নের জন্য একাধিক পরিকল্পনার কথাও উল্লেখ করা হয়েছে। বিশেষ করে গ্রামীণ সড়ক উন্নয়ন, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবার সম্প্রসারণ এবং শিক্ষা ক্ষেত্রে পরিকাঠামো উন্নয়নের উপর জোর দেওয়া হয়েছে।
এছাড়াও কৃষকদের জন্য বিভিন্ন সহায়তা প্রকল্প, যুবকদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং মহিলাদের জন্য সামাজিক সুরক্ষা প্রকল্প আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ইস্তেহারে। দলীয় নেতৃত্বের দাবি, সাধারণ মানুষের চাহিদা ও সমস্যাকে গুরুত্ব দিয়েই এই ইস্তেহার তৈরি করা হয়েছে।
সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া বলেন, সিতাই এলাকায় ইতিমধ্যেই একাধিক উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছে এবং ভবিষ্যতেও উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। অন্যদিকে প্রার্থী সংগীতা রায় জানান, মানুষের পাশে থেকেই উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাওয়াই তাঁদের মূল লক্ষ্য।
ইস্তেহার প্রকাশের মধ্য দিয়ে সিতাই বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রচার আরও গতি পাবে বলে মনে করছে রাজনৈতিক মহল।





