শিলিগুড়ি,৯ আগস্টঃ জমি দখল থেকে শুরু করে ট্রান্সফার সংক্রান্ত সমস্যা, হকারদের রেলের জরিমানা, জমি নিয়ে জটিলতা অভিযোগের যেন শেষ নেই। সাধারণ মানুষের নানা সমস্যার কথা সরাসরি শুনতে এবার ‘সরাসরি শঙ্করে’ কর্মসূচিতে বসেছিলেন বিধায়ক। ইন্টারন্যাশনাল মার্কেটে আয়োজিত এই কর্মসূচিতে একের পর এক অভিযোগ নিয়ে হাজির হন স্থানীয় বাসিন্দারা।
কেউ জমি সংক্রান্ত সমস্যার সমাধান চেয়েছেন, কেউ আবার রেল কর্তৃপক্ষের জরিমানা নিয়ে অভিযোগ জানিয়েছেন। চাকরির ট্রান্সফার সংক্রান্ত সমস্যার কথাও বিধায়কের কাছে তুলে ধরেন অনেকে। প্রত্যেকের কথা মন দিয়ে শুনে সংশ্লিষ্ট দফতরের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দেন বিধায়ক।
তবে এ দিনের কর্মসূচিতে জমি দখলের অভিযোগ ঘিরে বিশেষ চাঞ্চল্য ছড়ায়। বিজেপি নেতা নান্টু পালের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুলে এক ব্যক্তি বিধায়কের কাছে নালিশ জানান বলে দাবি। অভিযোগের সত্যতা অবশ্য স্বাধীন ভাবে যাচাই করা যায়নি। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে।
স্থানীয়দের বক্তব্য, সরকারি দফতরের দরজায় ঘুরেও অনেক সমস্যার সমাধান হয় না। সেই কারণে জনপ্রতিনিধির কাছে সরাসরি অভিযোগ জানানোর সুযোগ পেয়ে তাঁরা উপকৃত। বিধায়কের এই কর্মসূচিতে জমি, রেল, প্রশাসনিক সমস্যা-সহ নানা বিষয়ে সাধারণ মানুষের ক্ষোভ ও প্রত্যাশার ছবি উঠে এল। ‘সরাসরি শঙ্করে’র মাধ্যমে মানুষের অভিযোগ শুনে দ্রুত প্রশাসনিক স্তরে তা পৌঁছে দেওয়াই লক্ষ্য বলে জানিয়েছেন আয়োজকেরা।





