মাথাভাঙা,৮ এপ্রিলঃ ভারত বাংলাদেশ সীমান্তে মৃত্যু হলো বাংলাদেশী পাচারকারীর। বিএসএফের গুলিতে এই পাচারকারীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বুধবার এই মৃত্যুর ঘটনাটি ঘটেছে ভারত বাংলাদেশ সীমান্তে কোচবিহারের মাথাভাঙ্গা থানার শিকারপুর গ্রাম পঞ্চায়েতের নলঙ্গিবাড়ি এলাকায়। মৃত পাচারকারীর নাম মহম্মদ আলি হোসেন। বিএসএফ সূত্রে জানা গেছে তার বাড়ি বাংলাদেশের লালমনিরহাট জেলায়।
পুলিশ ও বিএসএফ সূত্রে খবর গভীর রাতে ২০ থেকে ২৫ জনের একদল দু ভারত থেকে বাংলাদেশের দিকে গোরু পাচার করার চেষ্টা করছিল।সেইসময় কর্তব্যরত বিএসএফ জওয়ান দুষ্কৃতীদের বাধা দিলে বিএসএফ জওয়ানকে লক্ষ্য করে দুষ্কৃতীরা আক্রমণ করে। সেইসময় আত্মরক্ষার্থে গুলি চালায় সীমান্তে কর্তব্যরত থাকা বিএসএফ জওয়ান। আর এর ফলে পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হলেও গুলির আঘাতে জখম হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে এক পাচারকারী।
এরপর সেই পাচারকারীকে উদ্ধার করে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। একজন বিএসএফ জওয়ান পাচারকারীদের হামলাতে আহত হন বলে বিএসএফ সূত্রে জানা গেছে।





