দিল্লি, ৬ এপ্রিলঃ সোমবার রাজ্যসভায় সাংসদ হিসেবে শপথ গ্রহণ করলেন পশ্চিমবঙ্গের পাঁচজন নবনির্বাচিত সদস্য। তাঁদের মধ্যে রয়েছেন রাজীব কুমার, মেনকা গুরুস্বামী, কোয়েল মল্লিক, বাবুল সুপ্রিয় এবং রাহুল সিনহা। এদিন তাঁরা সংসদের উচ্চকক্ষে শপথ নিয়ে তাঁদের রাজনৈতিক জীবনের নতুন অধ্যায় শুরু করেন।
শপথবাক্য পাঠ করান দেশের উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান সি পি রাধাকৃষ্ণন। রাজীব কুমার, বাবুল সুপ্রিয়, কোয়েল মল্লিক এবং রাহুল সিনহা বাংলায় শপথ নেন।
পশ্চিমবঙ্গের পাশাপাশি তামিলনাড়ু, ওড়িশা এবং মহারাষ্ট্র থেকেও মোট ১৯ জন সাংসদ এদিন শপথ গ্রহণ করেন। এর মধ্যে পশ্চিমবঙ্গ থেকে পাঁচজন, তামিলনাড়ু থেকে ছয়জন, ওড়িশা থেকে তিনজন এবং মহারাষ্ট্র থেকে পাঁচজন রয়েছেন। বাংলার পাঁচজনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, কোয়েল মল্লিক, মেনকা গুরুস্বামী, বাবুল সুপ্রিয় এবং রাজীব কুমারকে প্রার্থী করে তৃণমূল কংগ্রেস চমক দিয়েছিল। অন্যদিকে বিজেপির তরফে রাজ্যসভার সদস্য হিসেবে মনোনীত হন রাহুল সিনহা। গত ৫ মার্চ তাঁরা মনোনয়ন জমা দেন এবং ৯ মার্চ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন।
এদিন শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ এবং সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। শপথগ্রহণ শেষে চেয়ারম্যান সকল নবনির্বাচিত সদস্যকে শুভেচ্ছা জানান। নতুন দায়িত্ব নিয়ে সংসদীয় কাজ শুরু করলেন তাঁরা।





