নয়াদিল্লি, ৬ এপ্রিলঃ কঠোর নিরাপত্তা বলয় থাকা সত্ত্বেও চাঞ্চল্যকর ঘটনা ঘটল দিল্লি বিধানসভা ভবন চত্বরে। সোমবার দুপুরে সমস্ত নিরাপত্তা ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে একটি গাড়ি বিধানসভা চত্বরে ঢুকে পড়ে। গাড়ির চালকের আসনে ছিলেন এক মুখোশধারী ব্যক্তি, যা ঘটনাকে আরও রহস্যময় করে তোলে।
প্রত্যক্ষদর্শীদের মতে, হঠাৎ করেই দ্রুত গতিতে গাড়িটি বিধানসভা চত্বরে প্রবেশ করে। নিরাপত্তাকর্মীরা কিছু বুঝে ওঠার আগেই চালক সেখান থেকে পালিয়ে যায়। এই ঘটনায় মুহূর্তের মধ্যে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠতে শুরু করে।
ঘটনার পরপরই গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ এবং শুরু হয় তল্লাশি অভিযান। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তের পরিচয় জানার চেষ্টা চালানো হয়। শেষপর্যন্ত দ্রুত তৎপরতায় পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয় বলে জানা গেছে।
যদিও এখনও পর্যন্ত অভিযুক্তের উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট কিছু জানা যায়নি, তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত ঘটনা হতে পারে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং নিরাপত্তা ব্যবস্থার ফাঁকফোকর খতিয়ে দেখা হচ্ছে।
এই ঘটনায় দিল্লি বিধানসভা ভবনের মতো সংবেদনশীল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, তার জন্য আরও কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি উঠছে বিভিন্ন মহল থেকে।





