কোচবিহার, ৪ এপ্রিলঃ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোরদার হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রচার। আগামী ৭ এপ্রিল কোচবিহারের ধলপল ২ নম্বর অঞ্চলে জনসভা করতে আসছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সভাকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর প্রস্তুতি।
শনিবার জনসভার প্রস্তুতি খতিয়ে দেখতে সভাস্থল পরিদর্শন করেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী অভিজিৎ দে ভৌমিক। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী এবং দলের অন্যান্য নেতা-কর্মীরাও। মাঠের সার্বিক পরিস্থিতি, মঞ্চ নির্মাণ, জনসমাগমের ব্যবস্থা এবং নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি খুঁটিয়ে দেখা হয়।
দলীয় সূত্রে জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সভাকে ঘিরে ব্যাপক জনসমাগমের আশা করা হচ্ছে। ইতিমধ্যেই আশপাশের বিভিন্ন এলাকা থেকে কর্মী-সমর্থকদের উপস্থিতি নিশ্চিত করতে জোর প্রচার শুরু হয়েছে। সভাকে সফল করতে বুথ স্তর পর্যন্ত সংগঠনকে সক্রিয় করা হয়েছে বলেও জানা গেছে।
কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা অভিজিৎ দে ভৌমিক জানান, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী ৭ এপ্রিল ধলপল ২ নম্বর অঞ্চলের কালীবাড়ির মাঠে একটি গুরুত্বপূর্ণ জনসভা করবেন। মূলত নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের ১০টি অঞ্চল এবং তুফানগঞ্জ বিধানসভার ৬টি অঞ্চলকে কেন্দ্র করে এই সভার আয়োজন করা হচ্ছে।
তিনি বলেন, এই দুই বিধানসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাকে ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। সভার প্রস্তুতি ও মাঠের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে তাঁরা পরিদর্শনে এসেছেন। তাঁর দাবি, এই জনসভা কোচবিহার জেলায় তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রচারে নতুন গতি আনবে এবং সর্বভারতীয় নেতৃত্বের উপস্থিতিতে কর্মীদের মনোবল আরও চাঙ্গা হবে।
রাজনৈতিক মহলের মতে, ভোটের আগে এই ধরনের বড় জনসভা শুধু প্রচারেই নয়, সংগঠনের শক্তি প্রদর্শনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সভা কোচবিহারের নির্বাচনী সমীকরণে কী প্রভাব ফেলে, এখন সেদিকেই নজর থাকবে সকলের।





