মালদা, ৪ এপ্রিলঃ বিধানসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গে প্রচারে জোর বাড়িয়েছে তৃণমূল কংগ্রেস। শনিবার মালদহ জেলায় একাধিক জনসভা থেকে বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
মালতিপুরের সভা থেকে তিনি ইভিএম নিয়ে সরাসরি সতর্কবার্তা দেন। তাঁর বক্তব্য, “ইভিএম কেন্দ্রীয় সরকার তৈরি করে। যদি কোনও গন্ডগোল হয়, তাহলে ভোট করতে দেবেন না। ঠিক না হলে নতুন মেশিন আনার দাবি তুলুন।” পাশাপাশি ভোটগণনার সময় সম্ভাব্য লোডশেডিংয়ের আশঙ্কা তুলে মা-বোনেদের রাত জেগে পাহারা দেওয়ার আহ্বান জানান তিনি।
এদিন বিজেপিকে ‘ছদ্মবেশী’ বলেও কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আমার নাম বা সরকারের নাম করে কেউ যদি অ্যাকাউন্ট নম্বর চায়, সাবধান থাকবেন। বিজেপি ছদ্মবেশে এসে প্রতারণা করতে পারে।” লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা নিয়ে প্রতারণার আশঙ্কার কথাও উল্লেখ করেন তিনি।
এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার বিষয়েও কমিশন ও বিজেপিকে একযোগে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, “এটা গণতন্ত্রের অপমান। সাধারণ মানুষ এর জবাব ভোটের মাধ্যমেই দেবে।”
পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। হুঁশিয়ারি দিয়ে বলেন, “সন্ত্রাস বা চক্রান্ত করে বাংলায় কিছু করা যাবে না।”সব মিলিয়ে, ভোটের আগে মালদহের মঞ্চ থেকে তৃণমূল নেত্রীর বার্তা স্পষ্ট সতর্ক থাকুন, অধিকার রক্ষা করুন এবং ভোটের মাধ্যমে জবাব দিন।





