শিলিগুড়ি, ৪ এপ্রিলঃ শিলিগুড়ির দার্জিলিং মোড় এলাকা থেকে দেশি আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রধান নগর থানার সাদা পোশাকের পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এক যুবককে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম এমডি ছোটু। তাঁর বাড়ি শিলিগুড়ির ১ নম্বর ওয়ার্ডের রতনলাল বস্তি এলাকায়। গতকাল রাতে দার্জিলিং মোড় সংলগ্ন এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় তাঁকে আটক করে তল্লাশি চালানো হয়। সেই সময় তাঁর কাছ থেকে একটি দেশি পিস্তল ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার হয়।
পুলিশের প্রাথমিক অনুমান, অভিযুক্ত গভীর রাতে ওই এলাকায় কোনও বিশেষ উদ্দেশ্যে ঘুরছিল। তবে ঠিক কী কারণে সে অস্ত্র নিয়ে বেরিয়েছিল, তা এখনও স্পষ্ট নয়।
ধৃতের কাছ থেকে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের উৎস খুঁজতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। কোথা থেকে এবং কীভাবে এই অস্ত্র তাঁর হাতে এল, তা জানার চেষ্টা চলছে।
এদিকে, অভিযুক্তকে আজ শিলিগুড়ি আদালতে তোলা হয়েছে। গোটা ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।





