কোচবিহার, ৩ এপ্রিল: বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কোচবিহারে জোরকদমে চলছে সব দলের প্রচার।এই আবহেই কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ প্রতিম রায় প্রতিদিনের মতোই প্রচারে বেরিয়ে পড়েন।প্রচারের মাঝেই তার সঙ্গে দেখা হয়ে যায় একই কেন্দ্রের সিপিআইএম প্রার্থী প্রণয় কার্জির।
হঠাৎ এই সাক্ষাতে সৌজন্য বিনিময় করেন দুই প্রার্থী। সেখানে উপস্থিত ছিলেন সিপিআইএমের জেলা সম্পাদক অনন্ত রায়ও। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকলেও এদিন একে অপরের সঙ্গে হাসিমুখে কথা বলতে ও শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়। নির্বাচনের উত্তেজনার মধ্যেও এই সৌজন্য সাক্ষাৎ ভিন্ন বার্তা দিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক মহল।
এ প্রসঙ্গে পার্থ প্রতিম রায় জানান, গণতন্ত্রে সকলেরই নিজস্ব মতাদর্শ রয়েছে, তবে পারস্পরিক সম্মান বজায় রাখা অত্যন্ত জরুরি।এই ধরনের সৌজন্য সাক্ষাৎ রাজনৈতিক সংস্কৃতিরই অংশ বলেও তিনি মন্তব্য করেন। সিপিআইএম দলের জেলার নেতা অনন্ত রায় জানিয়েছেন, লড়াই আদর্শের। সৌজন্যতা বিষয় আলাদা।





