মালদা, ২২ মার্চঃ পৈতৃক জমি নিয়ে দীর্ঘদিনের বিবাদের জেরে রক্তাক্ত সংঘর্ষের ঘটনা ঘটল মালদহের মানিকচক থানার নাবাদিয়াটোলা গ্রামে। অভিযোগ, বড় দাদার এলোপাথাড়ি ছুরির আঘাতে গুরুতর জখম হন ছোট ভাই। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নাবাদিয়াটোলা গ্রামের বাসিন্দা দ্বিজেন মন্ডল (৬২) ও বিজন মন্ডল (৫৫) দুই ভাইয়ের মধ্যে প্রায় ৬০ শতক পৈতৃক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। রবিবার সকালে ছোট ভাই বিজন মন্ডল জমিতে যাওয়ার সময় আচমকাই তার উপর চড়াও হন বড় দাদা দ্বিজেন মন্ডল বলে অভিযোগ। এরপর ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানো হয় তাকে।
আত্মরক্ষার চেষ্টা করতে গিয়ে বড় দাদাও কিছুটা আহত হন বলে জানা গিয়েছে। স্থানীয়রা দ্রুত দু’জনকে উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। তবে ছোট ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সেখান থেকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।
অন্যদিকে, আহত অবস্থায় বড় দাদা দ্বিজেন মন্ডল মানিকচক গ্রামীণ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে।
পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ। জমি সংক্রান্ত বিবাদ থেকেই এই হামলা বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত জানতে তদন্ত চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।





